পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকোভের ঐতিহাসিক মেইন মার্কেট স্কয়ারে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জনের বেশি। পুলিশের গুলিতে হামলাকারীও আহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম টিভিএন২৪ বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে একটি গাড়ি মেইন মার্কেট স্কয়ারে প্রবেশ করে। গাড়ি থেকে এক ব্যক্তি আশপাশের মানুষের দিকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন।
পরে পুলিশ তাকে আটক করতে গেলে তিনি পাল্টা গুলি চালান। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন। একপর্যায়ে পুলিশের গুলিতে হামলাকারী আহত হন।
হামলার পরপরই ঘটনাস্থলে দমকলকর্মী ও অ্যাম্বুলেন্স পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। একই সঙ্গে শহরের কেন্দ্রস্থলের ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
ক্রাকোভ পুলিশের মুখপাত্র জানিয়েছেন, হামলাকারীর পরনে সামরিক বাহিনীর পোশাকের মতো পোশাক ছিল এবং তিনি সামরিক ধরনের একটি দীর্ঘ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন। তার গাড়ি থেকে আরও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। হামলাকারী একাই এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ক্রাকোভের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য পাচ্ছেন। পুলিশ হামলার পেছনের কারণ ও অন্যান্য পরিস্থিতি তদন্ত করছে।
দেশটির প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কিও নিহত ও আহত ব্যক্তিদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রমসঙ্গত, পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোভ একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। শহরটির ঐতিহাসিক মেইন মার্কেট স্কয়ারে প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটকের সমাগম হয়। দেশটিতে এ ধরনের বন্দুক হামলা তুলনামূলক বিরল।
সূত্র: রয়টার্স
এমএইচআর




