ইরানের সঙ্গে সর্বশেষ যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সেনারা যে অবস্থানে ছিল সেখান থেকে তারা প্রায় এক হাজার মাইল পিছিয়ে গেছে বলে দাবি করেছেন ইসলামিক বিপ্লবী গার্ডের অন্যতম শীর্ষ কমান্ডার আলি ফাদাভির।
আলি ফাদাভির বিপ্লবী গার্ডের কমান্ডারদের উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি শুক্রবার (৬ নভেম্বর) জানান, তাদের প্রতিরোধের কারণে মার্কিন বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর মার্কিন সেনারা তাদের যুদ্ধাস্ত্র নিয়ে ইরানের সীমান্ত থেকে যেখানে ছিল, এখন সেখান থেকে তারা এক হাজার মাইল দূরে আছে।
আলি ফাদাভি বলেন, যখনই মার্কিন সেনারা আমাদের সীমান্তের কাছাকাছি আসার চেষ্টা করেছে, আমরা তা প্রতিহত করেছি। যা তাদের দূরে রাখতে সাহায্য করেছে।
যুক্তরাষ্ট্র ইরানি জনগণকে তাদের চাপের কাছে নতি স্বীকার করাতেও ব্যর্থ হয়েছে বলে দাবি করে বিপ্লবী গার্ডের এই কমান্ডার বলেছেন, আমাদের দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানিদের তাদের লক্ষ্য থেকে সরাতে এবং তাদের চাপের কাছে নতি স্বীকার করাতে পারেনি।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র আগামী ৯ নভেম্বর অমাবস্যার রাতে ইরানে হামলা চালাতে পারে। গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তার নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন তখন সম্ভাব্য এ তারিখ নিয়ে আলোচনা হয় বলে ফক্স নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সূত্র: আল জাজিরা
এফএ




