ভারতের পাঞ্জাব রাজ্যে চলন্ত কর্মভূমি এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ ট্রেনের একাধিক বগি থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেক যাত্রী দ্রুত ট্রেন থেকে নেমে আসেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে রাজ্যের পাতিয়ালা জেলার সারাই বানজারা রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ১২৫০৮ নম্বরের কর্মভূমি এক্সপ্রেসটি ভারতের অমৃতসর থেকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ির উদ্দেশে যাচ্ছিল। দুপুরে ট্রেনটি রাজপুরার কাছাকাছি সারাই বানজারা এলাকায় পৌঁছালে ইঞ্জিনের দিক থেকে পঞ্চম বগিতে প্রথম আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশের আরও কয়েকটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে মোট চারটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এদিকে আগুন লাগার পরপরই ট্রেনটি থামানো হয়। প্রাণ বাঁচাতে অনেক যাত্রী দ্রুত ট্রেন থেকে নেমে আসেন। এসময় আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে ট্রেনের কয়েকটি বগি থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা গেছে।
ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
উত্তর রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা হিমাংশু শেখর উপাধ্যায় জানিয়েছেন, সারাই বানজারা স্টেশনের কাছে ট্রেনটির নিরাপত্তাব্যবস্থা সক্রিয় হওয়ার পর সেটি নিরাপদে থামানো হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো যাত্রী আহত হয়েছেন—এমন খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
এদিকে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কীভাবে তা একাধিক বগিতে ছড়িয়ে পড়েছে, তা এখানো স্পষ্ট নয়। এ বিষয়ে একটি কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত করা হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বগিগুলোর অবস্থা এবং অগ্নিকাণ্ডে ট্রেনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে।
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া
এমএইচআর




