শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

ভারত থেকে ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম

শেয়ার করুন:

ভারত থেকে ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন

দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার উদ্যোগ নিয়েছে ফিলিপাইন। 

বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন চুক্তির আওতায় ফিলিপাইন প্রায় পাঁচটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং মোট প্রায় ৬০টি ক্ষেপণাস্ত্র সংগ্রহ করতে পারে। চুক্তিটির সম্ভাব্য মূল্য ৭০০ থেকে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার।

ভারতীয় তিনটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত ৪ নভেম্বর ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো দিল্লি ডিফেন্স ডায়ালগে ভার্চুয়ালি অংশ নিয়ে ভারতের কাছ থেকে আরও ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সংগ্রহের আগ্রহের কথা জানান। 

তিনি বলেন, ফিলিপাইন তাদের ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়াতে চায়। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে একটি চাহিদাপত্রও দেওয়া হয়েছে, যাতে দেশটির ভৌগোলিক ও সামরিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা যায়। 

ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আর্সেনিও অ্যান্ডোলংও রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র অতিরিক্ত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। 

ভারত ও ফিলিপাইনের মধ্যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেনাবেচার সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০২২ সালের জানুয়ারিতে দুই দেশের মধ্যে ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

ওই চুক্তির আওতায় ফিলিপাইনকে তিনটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যাটারি সরবরাহের কথা ছিল। এর মধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় রসদ ও কারিগরি সহায়তাও অন্তর্ভুক্ত ছিল। 

চুক্তিটি ছিল ভারতের সঙ্গে কোনো বিদেশি দেশের প্রথম ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র রফতানি চুক্তি। ২০২৪ সালের এপ্রিলে প্রথম চালান ফিলিপাইনে পৌঁছায়। পরবর্তী সময়ে আরও সরঞ্জাম সরবরাহ করা হয়। বর্তমানে ২০২২ সালের চুক্তির আওতায় সরবরাহ কার্যক্রম শেষ করার পথে রয়েছে ভারত। 

নতুন করে ক্ষেপণাস্ত্র কেনার পেছনে ফিলিপাইনের অন্যতম প্রধান লক্ষ্য দক্ষিণ চীন সাগরে নিজেদের সামুদ্রিক নিরাপত্তা ও উপকূলীয় প্রতিরক্ষা জোরদার করা। 

দক্ষিণ চীন সাগরের বিস্তীর্ণ জলসীমা নিয়ে চীনের সঙ্গে ফিলিপাইনের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বিশেষ করে সমুদ্রসীমা, দ্বীপপুঞ্জ ও সামুদ্রিক সম্পদের মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বারবার বেড়েছে। এ পরিস্থিতিতে উপকূল থেকে শত্রুপক্ষের যুদ্ধজাহাজ প্রতিহত করার সক্ষমতা বাড়াতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহ করছে ম্যানিলা। 

প্রসঙ্গত, ব্রহ্মোস বিশ্বের দ্রুতগতির সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর অন্যতম। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৩ হাজার ৪০০ কিলোমিটার বা ম্যাক ২ দশমিক ৮। এটি স্থল, যুদ্ধজাহাজ ও বিমান থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানাতে সক্ষম। 

এদিকে ফিলিপাইনের পাশাপাশি ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের সঙ্গেও ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে চুক্তি করেছে ভারত। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের মতো কয়েকটি দেশের সঙ্গেও এ বিষয়ে আলোচনা চলছে।  

সূত্র: রয়টার্স

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর