বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

নর্থ ক্যারোলাইনার সিনেট আসনে ডেমোক্র্যাটের রয় কুপারের জয়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩২ এএম

শেয়ার করুন:

নর্থ ক্যারোলাইনার সিনেট আসনে ডেমোক্র্যাটের রয় কুপারের জয়
রয় কুপার

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন সাবেক গভর্নর রয় কুপার। ১০ বছর পর অঙ্গরাজ্যটির ভোটাররা একজন ডেমোক্র্যাটকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠালেন। এই জয়ের মধ্য দিয়ে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাওয়ার পথে ডেমোক্র্যাটদের জন্য গুরুত্বপূর্ণ একটি আসন যুক্ত হলো।

সাবেক রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান মাইকেল হোয়াটলিকে হারিয়ে বিদায়ী সিনেটর থম টিলিসের স্থলাভিষিক্ত হচ্ছেন কুপার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হয়ে ওঠার পর টিলিস তৃতীয় মেয়াদে নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নেন।

দুই মেয়াদে অঙ্গরাজ্যটির গভর্নরের দায়িত্ব পালন করা মধ্যপন্থী রাজনীতিক রয় কুপার ২০০৮ সালের পর নর্থ ক্যারোলাইনার দুটি সিনেট আসনের একটিতে কোনো ডেমোক্র্যাট হিসেবে নির্বাচিত হলেন। ২০০৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে অঙ্গরাজ্যটিতে জয় পেয়েছিলেন।

কুপারের নির্বাচনী প্রচারের স্লোগান ছিল ‘মেক স্টাফ কস্ট লেস’ বা ‘জিনিসপত্রের দাম কমাও’। তার প্রচারের মূল বিষয় ছিল খাদ্য, জ্বালানি ও আবাসন ব্যয় কমানো। গভর্নর থাকাকালে মেডিকেইডের আওতা বাড়ানো এবং শিক্ষকদের বেতন বৃদ্ধিতে তার ভূমিকার কথাও প্রচারে তুলে ধরেন তিনি।

মধ্যপন্থী ডেমোক্র্যাট হিসেবে পরিচিত কুপার দীর্ঘদিন ধরেই অঙ্গরাজ্যটির সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। নির্বাচনী প্রচারে তিনি প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী হোয়াটলির তুলনায় প্রায় তিন গুণ বেশি অর্থ সংগ্রহ করেন। জনমত জরিপেও প্রতিদ্বন্দ্বীর চেয়ে কখনো পিছিয়ে ছিলেন না। হোয়াটলির পরিচিতি মূলত জাতীয় রাজনীতিতে। নর্থ ক্যারোলাইনার স্থানীয় রাজনীতিতে তার পরিচিতি তুলনামূলক কম।

ডেমোক্র্যাট প্রার্থী কুপারের ধারাবাহিক অগ্রগতির কারণে একপর্যায়ে হোয়াটলির নির্বাচনী প্রচারে অর্থায়ন বন্ধ করে দেয় রিপাবলিকানদের একটি গুরুত্বপূর্ণ তহবিল সংগ্রহকারী সংগঠন। পরে সেই অর্থ কানসাস অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনী প্রচারে ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কুপারের এই জয় গুরুত্বপূর্ণ। কারণ, ২০১৬ সালের পর থেকে তিনটি প্রেসিডেন্ট নির্বাচনেই অল্প ব্যবধানে ট্রাম্পকে ভোট দিয়েছে নর্থ ক্যারোলাইনা। সূত্র: আল জাজিরা ও দ্য গার্ডিয়ান।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর