মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ভারতীয় নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ভারতীয় নিহত

নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের মধ্যে দুটি হেলিকপ্টারের পাইলটও রয়েছেন। 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দেশটির সোলুখুম্বু জেলার ফেরিচে হেলিপ্যাডে এ দুর্ঘটনা ঘটে।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ১১ মিনিটের দিকে ফিশটেইল এয়ার ও এয়ার ডাইনেস্টি পরিচালিত দুটি হেলিকপ্টার অবতরণের চেষ্টা করার সময় একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এতে দুটি হেলিকপ্টারই নিয়ন্ত্রণ হারিয়ে বরফে ঢাকা মাটিতে আছড়ে পড়ে।

নেপাল পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম বসন্ত কুমার বালারামারামাডু। তার বয়স ৪৭ বছর। তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের বাসিন্দা। দুর্ঘটনার সময় তিনি ফিশটেইল এয়ারের হেলিকপ্টারে যাত্রী হিসেবে ছিলেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহতদের মধ্যে রয়েছেন ৪৯ বছর বয়সী শৈলেশ কৃষ্ণ প্যাটেল, যিনি ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক। এছাড়া ফিশটেইল এয়ারের পাইলট রবীন্দ্র প্রজাপতি এবং এয়ার ডাইনেস্টির পাইলট প্রজ্বল কে.সি. আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। 

এদিকে দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অবতরণের ঠিক আগে দুটি হেলিকপ্টারের রোটর ব্লেড পরস্পরের সঙ্গে আঘাত করে। এরপর হেলিকপ্টার দুটি নিচে বরফাচ্ছাদিত মাটিতে বিধ্বস্ত হয়। 

পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর ঘটনাস্থলে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধারে উদ্ধারকারী হেলিকপ্টার ব্যবহার করা হয়। নিহত পর্যটকের মরদেহ লুকলায় নেওয়া হয়েছে।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের রোটর ব্লেডের সংঘর্ষকে দুর্ঘটনার তাৎক্ষণিক কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে পাইলটদের মধ্যে যোগাযোগের ঘাটতি ছিল কি না, সেটিও তদন্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ফেরিচে নেপালের খুম্বু অঞ্চলে মাউন্ট এভারেস্টের বেসক্যাম্পগামী জনপ্রিয় ট্রেকিং রুটে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ২০০ মিটার উচ্চতায় অবস্থিত এই এলাকায় পর্যটক, পর্বতারোহী ও উদ্ধারকর্মীদের যাতায়াতে হেলিকপ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তবে হিমালয়ের উচ্চ পার্বত্য এলাকায় হেলিকপ্টার পরিচালনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আবহাওয়ার দ্রুত পরিবর্তন ও সীমিত অবকাঠামোর কারণে সেখানে প্রায়ই হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। 

সূত্র: কাঠমান্ডু পোস্ট, এনডিটিভি


এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর