ইরান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। এতে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে অপরিশোধিত তেলের দাম।
শুক্রবার লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৭ ডলার ৬৪ সেন্টে দাঁড়িয়েছে।
শুক্রবার ডিসেম্বর মাসে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের ফিউচার চুক্তির দাম ব্যারেলপ্রতি ২ ডলার ৭৬ সেন্ট বা ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ১১৭ ডলার ৬৪ সেন্টে দাঁড়ায়। দিনের লেনদেনে একপর্যায়ে এ দাম ১১৮ ডলারে পৌঁছেছিল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ ডলার ১২ সেন্ট বা ২ দশমিক ০৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ ডলার ১২ সেন্টে দাঁড়িয়েছে।
অক্টোবর মাসে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ১৫ দশমিক ২ শতাংশ।
হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার ঘটনায় সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। শুক্রবার ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানায়, ছোট একটি নৌযান থেকে সংযুক্ত বিস্ফোরক দিয়ে প্রণালিতে একটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে। তবে এ হামলার পেছনে কারা রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করায় চারটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায় ও বিস্ফোরণ ঘটে। এর মধ্যে একটি ট্যাংকার নৌমাইনে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি। এ পথে অস্থিরতা তৈরি হলে মধ্যপ্রাচ্য থেকে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হয়। ফলে সংঘাত আরও বাড়তে পারে-এমন আশঙ্কায় তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। সূত্র: আল জাজিরা ও রয়টার্স।
এমআর




