শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ভারতে চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, ৬ বাংলাদেশি নারী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ এএম

শেয়ার করুন:

ভারতে চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, ৬ বাংলাদেশি নারী উদ্ধার
ছবি: এআই

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া ছয় বাংলাদেশি নারীকে যৌনপল্লি থেকে উদ্ধার করেছে পুলিশ। উন্নত বেতনের চাকরির আশ্বাস দিয়ে তাদের অবৈধভাবে সীমান্ত পার করিয়ে ভারতে নেওয়া হয়। পরে তাদের পুনের বিভিন্ন পতিতালয়ে বিক্রি করে জোরপূর্বক যৌনকাজে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে। 

শুক্রবার (৩০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

প্রতিবেদনে বলা হয়, গত বুধবার (২৮ অক্টোবর) ভোরে ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিএসপি) কৃষিকেশ রাওয়ালের নেতৃত্বে ফরাসখানা, বিশ্রামবাগ এবং খাদক থানার একটি যৌথ দল পুনে শহরের বুধওয়ার পেঠ এলাকার বিভিন্ন যৌনপল্লিতে অভিযান চালিয়ে ওই ছয় নারীকে উদ্ধার করে। 

ডেপুটি কমিশনার অফ পুলিশ (জোন-১) কৃষিকেশ রাওয়ালের নেতৃত্বে ফরাসখানা, বিশ্রামবাগ এবং খাদক থানার একটি যৌথ দল গঠন করে এই পতিতালয়গুলিতে অভিযান চালান।

পুলিশ জানায়, প্রায় চার মাস আগে ওই নারীদের বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসা হয়। এ কাজে মানবপাচারকারী চক্রের সদস্যরা তাদের সহযোগিতা করে। মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরে ভালো বেতনের চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল চক্রটি। চাকরির আশ্বাসে রাজি হওয়ার পর তাদের সীমান্ত পার করিয়ে পুনে শহরে নেওয়া হয়। সেখানে নিয়ে বিভিন্ন যৌনপল্লির মালিকদের কাছে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ডিএসপি কৃষিকেশ রাওয়াল টাইমস অব ইন্ডিয়াকে জানান, উদ্ধার হওয়া নারীদের কাছে বৈধ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র কিংবা পরিচয়পত্র ছিল না। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দালালরা সীমান্ত পার হতে সহযোগিতা করেছিল এবং মুম্বাইসহ বিভিন্ন শহরে আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়েছিল। কিন্তু ভারতে নেওয়ার পর তাদের পুনের যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া হয়।

এ ঘটনায় ফরসখানা থানায় চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। অন্য দুজনকে শনাক্ত করা গেলেও তারা এখনো পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ধারণা, চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের সীমান্ত পার করানো এবং পরে যৌনপল্লিতে বিক্রি করার সঙ্গে একটি সংঘবদ্ধ পাচারচক্র জড়িত। তবে চক্রটির সদস্যসংখ্যা কত, বাংলাদেশ থেকে কীভাবে তাদের ভারতে নেওয়া হয়েছে এবং পাচারের সঙ্গে আর কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে চলতি বছরের মার্চ মাসেও পুনের একই বুধওয়ার পেঠ এলাকা থেকে চার বাংলাদেশি নারীকে উদ্ধার করেছিল পুলিশ। তাদেরও চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে গিয়ে জোরপূর্বক যৌনকাজে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর