শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ঢাকা

ভারতের উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

ভারতের উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

ভারতের উত্তরাখণ্ডে বদ্রিনাথ ধাম থেকে ফেরার পথে ছয় আরোহীসহ একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটিতে পাঁচ যাত্রী ও একজন পাইলট ছিলেন, যাদের সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজ্যটির চামোলি জেলার জোশীমঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে হেলিকপ্টারটি বদ্রিনাথ থেকে উড্ডয়ন করে। তুষারপাতের মধ্যে উড়তে থাকা অবস্থায় হাতি পর্বত এলাকায় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রাথমিকভাবে হেলিকপ্টারটির নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলেও পরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, জোশীমঠের কাছে চায়ী গ্রামের আশপাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযানে অংশ নিয়েছেন।

তবে হেলিকপ্টারের ছয় আরোহীর সর্বশেষ শারীরিক অবস্থা এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় বৈরী আবহাওয়া, তুষারপাত ও দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে হেলিকপ্টার চলাচল প্রায়ই ঝুঁকির মুখে পড়ে। গত বছরের জুনে কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছিলেন।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

 

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর