ভারতের গুজরাটে অবৈধভাবে গরু জবাই ও মাংস বিক্রির অভিযোগে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজ্যের একটি আদালত। একই সঙ্গে রায় ঘোষণার সময় হিন্দু ধর্মীয় গ্রন্থের উদ্ধৃতি দিয়ে গরুকে 'বিশ্বমাতা' হিসেবে অভিহিত করেছেন বিচারক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন বলা হয়, গত সোমবার গুজরাটের গান্ধীনগর জেলার কালোল এলাকার একটি দায়রা আদালত এ রায় দেন। অতিরিক্ত দায়রা বিচারক বি আর রাজপুত তিন আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে তিন লাখ রুপি জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তি হলেন ওয়াসিম কুরেশি, মোহাম্মদ রফিক কুরেশি ও আশফাক বাহেলিম। তাদের বিরুদ্ধে গুজরাট অ্যানিম্যাল প্রিজারভেশন আইন এবং প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছিল।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ আগস্ট গান্ধীনগর জেলার জামলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ২৭৭ কেজি গরুর মাংস, জবাইয়ের কাজে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা বিভিন্ন সরঞ্জাম এবং মাংস পরিবহনের জন্য ব্যবহৃত একটি যানবাহন জব্দ করা হয়।
এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে তাদের মধ্যে তিনজনকে দোষী সাব্যস্ত করেন আদালত। বাকি দুজনকে প্রমাণের অভাবে খালাস দেওয়া হয়। অন্য একজনের বিচার চলাকালে মৃত্যু হয়।
রায় ঘোষণার সময় বিচারক হিন্দু ধর্মীয় গ্রন্থ মনুস্মৃতি, বেদ ও অন্যান্য ধর্মীয় লেখার উল্লেখ করেন বিচারক বি আর রাজপুত।
রায়ে গরুকে ‘বিশ্বমাতা’ বা ‘বিশ্বজনীন জননী’ হিসেবে উল্লেখ করে বলা হয়, গরু কেবল একটি প্রাণী নয়, বরং এটি ধর্ম ও বস্তুগত সমৃদ্ধির ভিত্তি। গো-হত্যার মতো অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে একসময় পৃথিবী থেকে ‘গো-মাতা’ বিলুপ্ত হয়ে যাবে।
প্রসঙ্গত, গুজরাটে গরু জবাইসংক্রান্ত আইন বেশ কঠোর। ২০১৭ সালে সংশোধিত গুজরাট অ্যানিম্যাল প্রিজারভেশন আইনে গরু জবাইয়ের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান যুক্ত করা হয়। এ ছাড়া গরুর মাংস পরিবহন, সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রেও শাস্তির বিধান রয়েছে।
রায়ের পর গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংঘভি আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানান।
তিনি বলেন, ‘গরু জবাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এই রায় একটি স্পষ্ট বার্তা দেবে’।
ভারতের বিভিন্ন রাজ্যে গরু জবাই ও গরুর মাংস বিক্রির বিষয়ে পৃথক আইন রয়েছে। কিছু রাজ্যে গরু জবাই নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রিত হলেও আইন ও শাস্তির ধরন রাজ্যভেদে আলাদা।
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া
এমএইচআর




