বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে অন্ধ্রপ্রদেশে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পিএম

শেয়ার করুন:

ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে অন্ধ্রপ্রদেশে নিহত ৫

ভারতের পূর্ব উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও প্রতিবেশী ওডিশার বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে অন্ধ্রপ্রদেশে বিভিন্ন এলাকায় পাঁচজন নিহত হয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটের দিকে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরির মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করে।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করার সময় অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ের পর্যায়ে ছিল। যার সর্বোচ্চ একটানা বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫-১৩৫ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার।

পরে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এটি প্রবল ঘূর্ণিঝড়ে দুর্বল হয়ে ‘প্রচণ্ড’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়।

arnab

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, বিজয়নগরম, অনাকাপল্লি, শ্রীকাকুলাম ও কৃষ্ণা জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশাখাপত্তনমে ৩১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বিজয়নগরমে ৩০১ মিলিমিটার এবং অনাকাপল্লিতে ২৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এছাড়াও ওডিশার কোরাপুট, গঞ্জাম ও গজপতি জেলাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। 

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে অন্ধ্রপ্রদেশ ও ওডিশা থেকে এক লাখ ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। উপকূলীয় ও নিচু এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য জরুরি সেবাকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে ঝড়ের আঘাতে বিভিন্ন এলাকায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে এবং ৭ শতাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়াগামী ফ্লাইট এবং বেশ কিছু ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে। কয়েকটি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, বিশাখাপত্তনম, আনাকাপল্লে, কাকিনাদা, কোনাসীমা এবং পশ্চিম গোদাবরী থেকে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে কেউ কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, আবার কেউ কেউ গাছ পড়ে মারা গেছেন।

ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে বাংলাদেশ

‘অর্ণব’ নামটি প্রস্তাব করেছিল বাংলাদেশ, যার অর্থ সমুদ্র বা সাগর। বঙ্গোপসাগর ও আরব সাগর অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য বিশ্ব আবহাওয়া সংস্থা এবং জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের আঞ্চলিক প্যানেল অনুমোদিত তালিকায় নামটি রয়েছে।

সূত্র: এনডিটিভি


এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর