ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে গভীর রাতে বড় ধরনের নাটকীয় মোড় এসেছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বিরোধী জোট এগিয়ে থাকার আভাস মিললেও, সর্বশেষ আপডেটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ঘুরে দাঁড়িয়েছে।
চ্যানেল টুয়েলভের বরাতে আল জাজিরার খবরে জানা যায়, নেতানিয়াহুর ডানপন্থী জোট ৫২ আসনে জিতেছে। আর সাবেক সেনাপ্রধান ও ইয়াশার নেতা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৯ আসনে জিতেছে। আরব লিস্ট জিতেছে ১৯ আসনে।
এর ফলে ১২০ আসনের পার্লামেন্টে (নেসেট) কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) নিশ্চিত করতে পারছে না।
আরব দলগুলো যেহেতু নেতানিয়াহুর সম্পূর্ণ বিরোধী, তাই লিকুদের আসন বাড়লেও নেতানিয়াহুর পক্ষে সংখ্যাগরিষ্ঠতার ৬১ আসনে পৌঁছানো এখনও অসম্ভব। ঠিক একইভাবে আরব দলগুলোর সরাসরি অংশগ্রহণ ছাড়া আইজেনকোটের পক্ষেও জোট গড়া সহজ নয়।
তবে ইসরায়েলের প্রধান সরকারি সম্প্রচারমাধ্যম কান ইলেভেন এবং চ্যানেল থার্টিনের খবরে জানা যায়, নেতানিয়াহুর ডানপন্থী শিবির এবং আইজেনকোটের বিরোধী শিবির—উভয় পক্ষই ৫১টি আসনে জিতেছে।
এদিকে কান ইলেভেনের হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ পার্টি দুটি আসন বাড়িয়ে ২৭টিতে পৌঁছালেও তাদের মিত্র উগ্র ডানপন্থী ওতজমা ইয়েহুদিত একটি আসন হারিয়ে ৬টিতে নেমেছে। অন্যদিকে বিরোধী শিবিরের বামপন্থী ডেমোক্র্যাট দল একটি আসন হারিয়ে ৯টিতে নেমে এসেছে।
লিকুদের প্রধান কার্যালয়ে উল্লাস
জরিপের এই নতুন ফলের পর জেরুজালেমে লিকুদ পার্টির প্রধান কার্যালয়ে দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দলীয় কার্যালয়ে একে একে শীর্ষ নেতারা আসতে শুরু করলে কর্মীরা নেচে-গেয়ে এবং ব্যালট পেপার শূন্যে উড়িয়ে উল্লাস প্রকাশ করেন।
এআরএম




