সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বুয়েলোর তাণ্ডবে নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পিএম

শেয়ার করুন:

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বুয়েলোর তাণ্ডবে নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়ি

যুক্তরাজ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় বুয়েলোর প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত ও বন্যায় দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে  দুজন নিহত হয়েছেন। এছাড়াও ঝড়ের কারণে প্রায় ৯০ হাজার বাড়ি বিদ্যুৎহীন রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডের কিছু অংশ এবং ইংল্যান্ডের উত্তরাঞ্চলে ঝড়ের প্রভাব ছিল সবচেয়ে বেশি। ঘণ্টায় সর্বোচ্চ ৮৪ মাইল বা প্রায় ১৩৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যায়। এতে ঘরবাড়ি, সড়ক ও পরিবহন অবকাঠামোর ক্ষতি হয়। উপড়ে পড়া গাছের কারণে বিভিন্ন স্থানে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হয়। 

কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে বলা হয়, স্কটল্যান্ডের ডামফ্রিস এলাকায় ক্যাসল ডগলাসের কাছে গাছের আঘাতে ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। অন্যদিকে, উত্তর লন্ডনে একটি গাছ গাড়ির ওপর পড়ে গেলে বিশের কোঠায় থাকা এক ব্যক্তি প্রাণ হারান। এছাড়া স্কটল্যান্ডের অ্যাবারফেলডিতে গাছের আঘাতে আহত দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে যুক্তরাজ্যের এনার্জি নেটওয়ার্কস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বুয়েলো কারণে যুক্তরাজ্যে একপর্যায়ে প্রায় ৮ লাখ ৩৮ হাজার ৭০০ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছিল। বিদ্যুৎ বিভাগের কর্মীরা মেরামতকাজ চালিয়ে বিপুলসংখ্যক গ্রাহকের সংযোগ পুনরুদ্ধার করেন। তবে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। 

যুক্তরাজ্যের আবহাওয়া দফতর সতর্ক করেছে, সোমবার পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা থাকলেও, মঙ্গলবার আরেকটি আবহাওয়া ব্যবস্থা ভারী বৃষ্টি ও প্রবল বাতাস নিয়ে আসতে পারে।

উত্তর ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর-পূর্ব উত্তর আয়ারল্যান্ডের কিছু অংশের জন্য মঙ্গলবার ভোর ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত তীব্র বাতাসের একটি হলুদ আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়াও ইংল্যান্ডে পরিবেশ সংস্থা ১০টি বন্যা সতর্কতা এবং ৬৫টি বন্যার সম্ভাবনাসংক্রান্ত সতর্কবার্তা জারি করেছে। স্কটিশ পরিবেশ সুরক্ষা সংস্থাও ১০টি বন্যা সতর্কতা ও ১১টি সতর্কবার্তা দিয়েছে। ওয়েলসেও বন্যার আশঙ্কায় একাধিক সতর্কবার্তা জারি করা হয়েছে।

এদিকে ঝড়ের প্রভাবে রেল, সড়ক ও বিমান চলাচলও ব্যাহত হয়। স্কটল্যান্ডের বিভিন্ন বিভিন্ন সড়ক ও রেলপথে গাছ পড়ে যাওয়ায় এবং বন্যার কারণে কিছু রুট বন্ধ রাখা হয়। কয়েকটি স্থানে ট্রেনের গতি সীমিত করা হয়। লিডস ব্র্যাডফোর্ড বিমানবন্দরে কিছু ফ্লাইট অন্যত্র পাঠানো হয় এবং কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়। 

দেশটির পরিবহন কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারের কাজ চললেও নতুন আবহাওয়া সতর্কতার কারণে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।

সূত্র: আনাদোলু

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর