শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

মার্কিন কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করছে ইরান: গোয়েন্দা প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পিএম

শেয়ার করুন:

মার্কিন কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করছে ইরান: গোয়েন্দা প্রতিবেদন

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে অবস্থানরত মার্কিন কর্মকর্তা ও কূটনীতিকদের লক্ষ্য করে ইরান হত্যার পরিকল্পনা করেছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। এ সংক্রান্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন কূটনৈতিক মিশনে কর্মীসংখ্যা কমানোর উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন।

শনিবার (২৪ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে পাঠানো এক স্মারকলিপিতে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যসহ অন্যান্য কয়েকটি অঞ্চলে মার্কিন নাগরিকদের হত্যার উদ্দেশ্যে ইরানের প্রাণঘাতী হামলার পরিকল্পনা উচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে।

ক্লেটন আরও উল্লেখ করেছেন, কিছু গোপন তথ্য আরও বেশি মার্কিন কর্মকর্তার জানা প্রয়োজন। তাই তথ্যের কড়া গোপনীয়তা কিছুটা শিথিল করে সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে তা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হতে পারে।

যদিও স্মারকলিপিতে নির্দিষ্ট কোনো হামলা আসন্ন কিনা, সেই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে গোয়েন্দা সতর্কতার পরপরই মধ্যপ্রাচ্যে মার্কিন কূটনৈতিক উপস্থিতি সীমিত করার পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডান, লেবানন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন দূতাবাসগুলোতে কর্মীসংখ্যা কমানো হচ্ছে। এসব মিশন সীমিত কার্যক্রমের আওতায় থাকলেও দূতাবাসগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়নি।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের সম্ভাব্য তৎপরতার পাশাপাশি ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার হুমকিও নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে বিবেচনায় নেওয়া হচ্ছে।

এর আগে সৌদি আরবে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলোতে কর্মী কমানোর আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়।

মার্কিন পররাষ্ট্র দফতর রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এবং জেদ্দা ও ধাহরানের কনস্যুলেট থেকে জরুরি নয়— এমন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দেয়।

সৌদি আরবে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর হামলার ঝুঁকি বৃদ্ধির বিষয়টি এ সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে প্রকাশিত গোয়েন্দা সতর্কতা মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

ওয়াশিংটন জানিয়েছে, দূতাবাসগুলোতে কর্মী মোতায়েনের বিষয়ে নিরাপত্তা পরিস্থিতি ও নতুন গোয়েন্দা তথ্য নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে।

অন্যদিকে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: অ্যাক্সিওস, এপি


এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর