স্ত্রীকে একটু উষ্ণতা দিতে জড়িয়ে ধরেছিলেন স্বামী। কিন্তু সেই আলিঙ্গনই যে এমন বিপদ ডেকে আনবে, তা হয়তো কল্পনাও করেননি তিনি। মুহূর্তের সেই আলিঙ্গনের পরই ব্যথায় কাতর হয়ে পড়েন স্ত্রী। এরপর দ্রুত হাসপাতালে নেওয়ার পর সিটি স্ক্যানে ধরা পড়ে, পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গেছে স্ত্রীর, আরেকটিতে ধরেছে চিড়। পরে চিকিৎসকেরা জানান, এর নেপথ্যে রয়েছে হাড় ক্ষয়রোগ বা অস্টিওপোরোসিস।
চীনে এমন ঘটনা ঘটেছে বলে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম মাদারশিপ এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ওই নারী একদিন স্বামীকে জানান, তার ঠাণ্ডা লাগছে। স্ত্রীকে উষ্ণতা দিতে স্বামী ওয়াং তাকে স্বাভাবিকভাবেই দুই হাত দিয়ে জড়িয়ে ধরেন। কিন্তু ওই সময় হঠাৎ হাড় ভাঙার মতো একটি শব্দ শুনতে পান তিনি। সঙ্গে সঙ্গে ব্যথায় মাটিতে বসে পড়েন তার স্ত্রী। পরে উঠে দাঁড়ানোরও চেষ্টা করেও ব্যর্থ হন।
গত ১৯ অক্টোবর চীনের সংবাদমাধ্যম হুবেই জিংশি লাইভ-এর সঙ্গে কথা বলার সময় ওয়াং জানান, প্রথমে তার স্ত্রী ভেবেছিলেন, হয়তো সামান্য টান লেগেছে। তাই তীব্র ব্যথা নিয়েও তিনি পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে বুকের সিটি স্ক্যান করার পর চিকিৎসকেরা দেখতে পান, ওই নারীর পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গেছে। ষষ্ঠ একটি হাড়েও সূক্ষ্ম চিড় ধরেছে। বিষয়টি জানতে পেরে হতবাক হয়ে যান স্বামী-স্ত্রী।
চিকিৎসকেরা তাকে ওষুধ দিয়ে বাড়িতে পাঠান। তারা জানান, অস্ত্রোপচারের প্রয়োজন নেই। পাশাপাশি হাড়ের ক্ষতস্থানে ব্যবহারের জন্য বিশেষ প্যাঁচ দেন এবং তাকে কঠোরভাবে বিশ্রামে থাকার পরামর্শ দেন।
চিকিৎসাকর্মীরা জানান, ওই নারীর হাড় মারাত্মকভাবে ক্ষয়প্রাপ্ত হওয়ায় সেগুলো ভঙ্গুর হয়ে পড়েছিল। ফলে দৈনন্দিন জীবনের স্বাভাবিক চাপেও তার হাড় ভেঙে যেতে পারে।
স্ত্রীর জীবনযাপনের অভ্যাস সম্পর্কে ওয়াং জানান, তার স্ত্রীর ওজন ছিল ৪৫ থেকে ৫০ কেজির মধ্যে। ওজন নিয়ন্ত্রণে রাখতে তিনি প্রায়ই কঠোর খাদ্যনিয়ন্ত্রণ করতেন এবং নিয়মিত রাতের খাবার বাদ দিতেন। এ ছাড়া প্রতিদিন কফি পান করতেন তিনি। খুব কমই বাড়ির বাইরে যেতেন এবং রোদ এড়াতে সাধারণত শরীর পুরোপুরি ঢেকে রাখতেন।
চিকিৎসকেরা ব্যাখ্যা করেন, সূর্যের আলো পর্যাপ্ত না পেলে শরীরে ভিটামিন ডি তৈরি কমে যেতে পারে। হাড় মজবুত রাখতে এবং শরীরে ক্যালসিয়াম শোষণে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যুক্তরাষ্ট্রের চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ক্লিভল্যান্ড ক্লিনিক-এর তথ্য অনুযায়ী, অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় এমন একটি রোগ, যাতে হাড় দুর্বল হয়ে পড়ে এবং সহজেই ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে। এ রোগে হাড়ের ঘনত্ব ও পুরুত্ব স্বাভাবিকের তুলনায় কমে যায়।
প্রতিবেদন অনুযায়ী, ওই নারী বর্তমানে বাড়িতে থেকে সুস্থ হয়ে উঠছেন। পাশাপাশি নিজের স্বাস্থ্যের প্রতি আরও যত্নশীল হচ্ছেন তিনি। অভ্যাসেও পরিবর্তন আনতে শুরু করেছেন-সূর্যের আলো পেতে বাইরে যাচ্ছেন এবং পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ নিশ্চিত করছেন। সূত্র: এনডিটিভি।
এমআর




