শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

যুদ্ধ বন্ধে নভেম্বরে আলোচনায় বসছে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৫ এএম

শেয়ার করুন:

যুদ্ধ বন্ধে নভেম্বরে আলোচনায় বসছে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্র
ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কি

দীর্ঘ বিরতির পর যুদ্ধ বন্ধে আবারও আলোচনার টেবিলে বসতে যাচ্ছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। আগামী নভেম্বরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে তিন দেশের অংশগ্রহণে একটি বিশেষ বৈঠক আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। 

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তিন দেশের আলোচনা শুরু হলেও পরে তা স্থবির হয়ে পড়ে। সম্প্রতি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়া সফরে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই বন্ধ হয়ে যাওয়া আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও দ্রুত আলোচনায় ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।

তবে প্রস্তাবিত বৈঠক থেকে বড় ধরনের কোনো সমাধান আসবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। রাশিয়া এখনো তাদের কঠোর শর্তে অনড়। মস্কোর দাবি, ইউক্রেন কখনোই সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে পারবে না। পাশাপাশি ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ারও শর্ত দিয়েছে দেশটি।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিতেও কিছু পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। ইউক্রেনের কঠোর সমালোচনা করলেও রাশিয়ার ওপর আরোপিত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করেছেন তিনি। একই সঙ্গে রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার চুক্তিও করেছেন।

যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপে উদ্বিগ্ন ইউরোপীয় নেতারা। তাদের আশঙ্কা, এতে রাশিয়া আরও সুবিধা পেতে পারে। এরই মধ্যে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনী স্যাটেলাইট প্রযুক্তি ‘স্টারলিংক’ এবং মার্কিন তথ্য পেতে সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানা গেছে।

তবে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও শুক্রবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২৭০ জন যুদ্ধবন্দি বিনিময় হয়েছে। এখন দেখার বিষয়, আগামী নভেম্বরে আবুধাবিতে অনুষ্ঠেয় এই ত্রিপক্ষীয় বৈঠক চলমান যুদ্ধের অবসানে কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারে কি না।

সূত্র: আল-জাজিরা

এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর