শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রে ৪০ হাজার টন ডিজেল পাঠালো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রে ৪০ হাজার টন ডিজেল পাঠালো রাশিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে জ্বালানি সরবরাহ নিয়ে সমঝোতার আওতায় যুক্তরাষ্ট্রে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল পাঠিয়েছে রাশিয়া।  

শুক্রবার (২৩ অক্টোবর) জাহাজ চলাচলের তথ্য উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ৪০ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের দিকে যাচ্ছে মাল্টার পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক রুশ জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা জারির পর—এটিই যুক্তরাষ্ট্রে রাশিয়ার ডিজেল সরবরাহের প্রথম চালান হতে যাচ্ছে

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) শিপিং ডেটা অনুযায়ী, ‘আগিওই ফানেন্দেস’ নামের মাঝারি আকারের ট্যাংকারটি গত ২২ অক্টোবর রাশিয়ার বাল্টিক সাগর উপকূলের প্রিমোরস্ক বন্দর থেকে অতি কম সালফারযুক্ত ডিজেল বোঝাই করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জাহাজটির আগামী ৭ নভেম্বর নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে।

এরআগে গত ৯ অক্টোবর ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে আলোচনার পর রাশিয়া যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজারে ডিজেল সরবরাহ করতে সম্মত হয়েছে। 

মূলত, ট্রাম্প প্রশাসনের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে ডিজেলের ক্রমবর্ধমান দাম কমানো, বিশেষ করে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানি বাজারে চাপ প্রশমিত করা।

সমঝোতা অনুযায়ী, রাশিয়া প্রাথমিক পর্যায়ে ৩ লাখ মেট্রিক টন ডিজেল রফতানি করবে। এরপর নভেম্বরে আরও ৫ লাখ টন এবং পরবর্তী সময়ে অতিরিক্ত ১০ লাখ টন সরবরাহের পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় কৃষক, পরিবহন খাত এবং পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো চাপের মুখে রয়েছে। ফলে জ্বালানির দাম কমানো ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইস্যু হয়ে উঠেছে। 

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির বাজার স্থিতিশীল রাখাও প্রশাসনের অন্যতম লক্ষ্য। এই প্রেক্ষাপটে রুশ ডিজেল আমদানির সুযোগ তৈরি করতে নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দিয়েছে ওয়াশিংটন। 

মার্কিন অর্থ বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দফতর (ওএফএসি) ৯ অক্টোবর একটি লাইসেন্স জারি করে, যার আওতায় নির্দিষ্ট শর্ত পূরণকারী রুশ ডিজেল বিক্রি, সরবরাহ ও আমদানির সুযোগ ২০২৭ সালের ৭ এপ্রিল পর্যন্ত রাখা হয়েছে। 

অন্যদিকে রাশিয়া আগে অভ্যন্তরীণ বাজারে জ্বালানির ঘাটতি মোকাবিলায় ডিজেল রফতানিতে নিজস্ব নিষেধাজ্ঞা আরোপ করেছিল। দেশটির তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের ড্রোন হামলার কারণে উৎপাদন ব্যাহত হওয়া এবং দেশের বাজারে সরবরাহের চাপ তৈরি হওয়ায় ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পর মস্কো সেই বিধিনিষেধ তুলে নিয়ে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, বছরের শেষ নাগাদ দেশটি প্রতি মাসে ৩০ লাখ থেকে ৩৫ লাখ মেট্রিক টন ডিজেল রফতানির সক্ষমতায় ফিরতে পারে।

সূত্র: রয়টার্স


এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর