শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

নেতানিয়াহুর গাড়িতে কাচের বোতল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পিএম

শেয়ার করুন:

নেতানিয়াহুর গাড়িতে কাচের বোতল নিক্ষেপ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। 

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে জেরুজালেমের মাহানে ইয়েহুদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নেতানিয়াহু তার ৭৭তম জন্মদিন উদযাপন এবং আসন্ন নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে ওই এলাকা সফর করছিলেন।

প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর গাড়িবহর বাজার এলাকা অতিক্রম করার সময় একটি কাচের বোতল ছোড়া হয়। ঘটনার পরপরই পুলিশ ও প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা বোতল নিক্ষেপকারীকে শনাক্ত করতে তৎপর হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বোতল নিক্ষেপের পর পুলিশ ও নিরাপত্তাকর্মীরা ভিড়ের মধ্যে দ্রুত এগিয়ে যান। তারা আশপাশের লোকজনের মধ্যে সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজতে থাকেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, নেতানিয়াহুর এ সফর ছিল তার নির্বাচনী প্রচারণার অংশ। জেরুজালেমের ব্যস্ত ইয়েহুদা বাজারটি স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের কাছে জনপ্রিয় একটি স্থান। বৃহস্পতিবার রাতে সেখানে নেতানিয়াহুকে ঘিরে মানুষের ভিড় দেখা যায়। কিছু ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের তাকে স্বাগত জানাতে ও সমর্থনসূচক স্লোগান দিতে দেখা গেছে।

তবে সমর্থকদের উপস্থিতির মধ্যেই গাড়িবহর লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনা ঘটে। যদিও এ ঘটনায় কেউ আহত হননি, তবে এতে দখলদার প্রধানমন্ত্রীর নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

এদিকে বোতলটি কে ছুড়েছেন, কেন ছুড়েছেন এবং এ ঘটনায় কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না—এসব বিষয়ে এখনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। 

সূত্র: টাইমস অব ইসরায়েল, ওয়াইনেট

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর