পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বাস উল্টেএক শিশু এবং দুই নারীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৪ জন।
বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে পাঞ্জাবের রাজনপুর জেলার রোজহান তহসিলের বাংলা হিদায়াত এলাকার ইন্দুস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে উদ্ধারকারী কর্তৃপক্ষ। এছাড়া এএনআই নিউজের এক প্রতিবেদন থেকেও এসব তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, দ্রুতগতিতে চলার সময় একটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়।
দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে ডেরা গাজি খান এবং দুজনকে রহিম ইয়ার খানের শেখ জায়েদ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৩৮ জনকে রাজনপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ১০টি অ্যাম্বুলেন্স ও দুটি বিশেষ উদ্ধারকারী ইউনিট পাঠানো হয়। উদ্ধার অভিযানে অংশ নেন সংস্থাটির ৩৫ জন কর্মী।
এএইচ




