বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ওমানের সুলতানকে মহানবীর বাণী শোনালেন ব্রিটিশ রাজা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৯:১২ পিএম

শেয়ার করুন:

ওমানের সুলতানকে মহানবীর বাণী শোনালেন ব্রিটিশ রাজা

যুক্তরাজ্যে সফররত ওমানের সুলতান হাইথাম বিন তারিককে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বাণী উদ্ধৃত করে স্বাগত জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। 

মঙ্গলবার (২০ অক্টোবর) যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসেলে সুলতানের সম্মানে আয়োজিত এক রাষ্ট্রীয় ভোজসভায় দেওয়া বক্তব্যে তিনি মহানবীর নামে বর্ণিত একটি বাণী তুলে ধরেন। 

বক্তব্যে রাজা চার্লস বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ওমানের মানুষের চরিত্র সম্পর্কে বলেছেন, “তুমি যদি ওমানের মানুষের কাছে যেতে, তারা তোমাকে অপমান করত না, আঘাতও করত না।” 

সহীহ মুসলিম শরীফের ২ হাজার ৫৪৪ নম্বর হাদিস অনুযায়ী: মহানবী (সা.) এক ব্যক্তিকে কোন এক আরব গোত্রের কাছে ইসলাম প্রচারে জন্য প্রেরণ করলেন। তবে তারা তাকে গালি-গালাজ ও মারধর করে। ওই ব্যক্তি মহানবী (সা.)-এর নিকট এসে তাকে সেই ঘটনা বর্ণনা করেন। তখন মহানবী (সা.) ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন, “তুমি যদি উমানের (ওমান) লোকদের কাছে যেতে, তারা তোমাকে গালিগালাজ করত না এবং মারধরও করত না।”

আলজাজিরা জানিয়েছে, অনুষ্ঠানে রাজা চার্লস আরবি ভাষায় বক্তব্যের সূচনা করেন এবং ওমানের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি সম্মান জানান। তিনি ওমানের প্রাচীন কবি আবু মুসলিম আল-বাহলানির কবিতার কথাও উল্লেখ করেন।

এছাড়াও দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, সামুদ্রিক বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্কের ইতিহাস তুলে ধরে রাজা চালর্স বলেন, ব্রিটেন ওমানের অন্যতম পুরোনো মিত্র। 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় ওমানের ভূমিকারও প্রশংসা করেন রাজা চার্লস। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা প্রশমনে এবং বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা এগিয়ে নিতে ওমানের কূটনৈতিক প্রচেষ্টাকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। 

তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে ওমানের ভারসাম্যপূর্ণ অবস্থান আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য তাৎপর্যপূর্ণ। 

অন্যদিকে, সুলতান হাইথাম বিন তারিক তার বক্তব্যে ব্রিটেনের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

প্রসঙ্গত, হাইথাম বিন তারিকের এই সফর গত ৪৪ বছরের মধ্যে কোনো ওমানি সুলতানের প্রথম রাষ্ট্রীয় সফর। তিন দিনের এ সফরে দুই দেশের নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার কথা রয়েছে।

সূত্র: আলজাজিরা, ওমান অবজারভার

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর