মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

১১ বছর পর পাকিস্তান সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পিএম

শেয়ার করুন:

১১ বছর পর পাকিস্তান সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু তিন দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে পৌঁছেছেন। দীর্ঘ ১১ বছর পর এটি মালদ্বীপের কোনো প্রেসিডেন্টের পাকিস্তান সফর এবং এটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন দুই দেশ ১৯৬৬ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকী উদযাপন করছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছান। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে এই সফরে প্রেসিডেন্ট মুইজ্জু পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সাক্ষাৎ করবেন। তার সম্মানে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন জারদারি। 

এছাড়া প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে একান্ত বৈঠক ও প্রতিনিধিদল পর্যায়ে আলোচনা করবেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, কৃষি, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রত্যাশা করা হচ্ছে।

মুইজ্জুর সফর উপলক্ষে পাকিস্তান-মালদ্বীপ বিজনেস ফোরাম আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর লক্ষ্য দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, নতুন বাণিজ্যিক সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক বিনিয়োগ সম্প্রসারণ।

পাকিস্তানের পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে রয়েছেন মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ এবং মন্ত্রিসভার সদস্য ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরাও ইসলামাবাদে পৌঁছেছেন।

এর আগে ২০১৫ সালের মে মাসে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম পাকিস্তান সফর করেছিলেন। 

সূত্র: ডন


এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর