সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

বোমার হুমকিতে গতিপথ বদলে বুলগেরিয়ায় নামল ইসরায়েল থেকে আসা বিমান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ এএম

শেয়ার করুন:

বোমার হুমকিতে গতিপথ বদলে বুলগেরিয়ায় নামল ইসরায়েল থেকে আসা বিমান
২০১৮ সালের ৯ জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর থেকে উড্ডয়ন করছে অস্ট্রিয়ান এয়ারলাইনসের একটি এয়ারবাস এ৩২০-২০০ বিমান। ছবি: সংগৃহীত।

বোমা হামলার হুমকি পাওয়ার পর ইসরায়েলের তেল আবিব থেকে অস্ট্রিয়ার ভিয়েনাগামী একটি যাত্রীবাহী বিমান বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করেছে।

রোববার অস্ট্রিয়ান এয়ারলাইনসের ওএস৮২ ফ্লাইটটি রোমানিয়ার সীমান্তের কাছে থাকাকালে হুমকি পায়। এয়ারবাস এ৩২০ মডেলের উড়োজাহাজটিতে ৫১ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। তাদের সবাই নিরাপদে নেমে গেছেন বলে জানিয়েছে বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইটটি রোমানিয়ার সীমান্তের কাছাকাছি থাকা অবস্থায় এর ক্রুরা বোমা হামলার হুমকি পান। এরপর তারা বিমানটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবতরণের সিদ্ধান্ত নেন। বুলগেরিয়ার বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান যাত্রীবাহী বিমানটিকে পাহারা দিয়ে সোফিয়া বিমানবন্দরে নিয়ে যায় বলে বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে বিমান সংস্থাটি জানিয়েছে, বিমানটিতে নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে। তল্লাশি শেষ হলে যত দ্রুত যাত্রীদের বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে বিমান সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিমান চলাচল ও ফ্লাইট পর্যবেক্ষণবিষয়ক ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, অস্ট্রিয়ান এয়ারলাইনসের ৮২ নম্বর ফ্লাইটটি রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় সময় রাত ৯টা ৪৩ মিনিটে এটি সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে অবতরণ করে।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য বলছে, ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটের দিকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে। পরে দক্ষিণ দিকে মোড় নিয়ে আবার বুলগেরিয়ার দিকে ফিরে আসে।

বিমান চলাচল পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম এডিএস-বি এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, একই সময়ের দিকে বিমানটি ‘স্কোয়াক কোড ৭৭০০’ সংকেত পাঠাচ্ছিল। সাধারণ জরুরি পরিস্থিতি বোঝাতে বিমানে এ সংকেত ব্যবহার করা হয়।

গত মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ১৭৪ জন যাত্রী ছিলেন। অভিযোগ রয়েছে, বিমানটি চলার সময় সহকারী পাইলট কুড়াল দিয়ে পাইলটের ওপর হামলা করেন। তার উদ্দেশ্য ছিল সেটি বিধ্বস্ত করা।

এ ঘটনায় বিমানটি প্রায় ১৭ হাজার ফুট (৫ হাজার ১৮০ মিটার) নিচে নেমে যায়। পরে যাত্রী ও অন্য ক্রু সদস্যরা অভিযুক্ত সহকারী পাইলটকে নিয়ন্ত্রণে আনেন। ফ্লাইদুবাইয়ের অন্য পাইলটদের প্রচেষ্টায় বিমানটির নিয়ন্ত্রণও ফিরে পাওয়া যায়।

পরে বিমানটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। এ ঘটনার পর ইসরায়েল সরকার দেশটিতে আসা সব বিমানের পাইলটদের পরিচয় যাচাইয়ের নির্দেশ দেয়। সূত্র: আল জাজিরা।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর