মার্কিন সেনাবাহিনীর সাবেক মেজর নিদাল মালিক হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করার ঘটনা আমজতার জন্য সরাসরি সম্প্রচার (লাইভস্ট্রিম) করার সিদ্ধান্ত নিয়েছিল দেশটির প্রতিরক্ষা দফতর।
কিন্তু মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের ওই সিদ্ধান্ত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাতিল করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই সমাজমাধ্যমে এ কথা জানিয়েছেন।
আগামী ৩ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর ১টায় মুসলিম এই সেনা কর্মকর্তা মেজর নিদালের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা। মার্কিন সেনাবাহিনীতে ১৯৬১ সালের পর এই প্রথম কোনও মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে।
এ ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনও সেনাসদস্যের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করা হবে।
২০০৯ সালে ফোর্ট হুডে ১৩ জন নিরস্ত্র মার্কিন সেনাকে গুলি করে খুন করার অপরাধে দোষী সাব্যস্ত নিদালকে এই চরম সাজা দেওয়া হচ্ছে।
গত সপ্তাহে হেগসেথ জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনে সাধারণ মানুষের জন্য মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে।
তিনি বলেন, “হাসানকে সেনাবাহিনীর ফায়ারিং স্কোয়াডের মুখোমুখি হতে হবে। আর এমনই হওয়া উচিত। এ ধরনের কাজের যে মারাত্মক পরিণতি হয়, তা মানুষের বোঝা দরকার।”
হাসানের কোনও শেষ ইচ্ছা বা ট্রাম্পের কাছে আর্জির বিষয়ে তিনি সাফ বলেন, “এ সবের পরোয়া করি না। ৩ ডিসেম্বর ওর সঙ্গে দেখা হচ্ছে।”
কিন্তু বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছেন, পেন্টাগনের সেই ‘লাইভস্ট্রিমিং’-সিদ্ধান্ত তিনি বাতিল করেছেন।
সমাজমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘‘সন্ত্রাসবাদীদের কঠোর বার্তা দিতে এটি ভাল উদাহরণ হতে পারত। কিন্তু অনেক ভাল মনের মানুষ ‘লাইভস্ট্রিম’ বা অন্য কোনও মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য দেখতে চান না।’’
-এমএমএস




