যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনীতির জগতে তিনি কাউকেই বিশ্বাস করেন না। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশ্বাস করেন না বলেও উঙ্গিত দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
নেতানিয়াহুকে বিশ্বাস করেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি কাউকেই বিশ্বাস করি না। রাজনীতির জগতে আমি কাউকেই বিশ্বাস করি না।’
ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচন সামনে রেখে নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে তার সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা চলছে।
নেতানিয়াহুর প্রতি আস্থার প্রশ্নে সতর্ক অবস্থান নিলেও ট্রাম্প দুই দেশের সামরিক সহযোগিতার প্রশংসা করেছেন। পাশাপাশি দখলদার এই প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ককে নিজের রাজনৈতিক অবস্থানের গুরুত্বপূর্ণ দিক হিসেবে তুলে ধরেছেন তিনি।
তিনি বলেন, ‘নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সহযোগিতাও সফল হয়েছে বলে মনে করি।
নেতানিয়াহুর পুনর্নির্বাচনী প্রচারে তিনি অংশ নেবেন কি না— জানতে চাইলে তিনি বলেন, ইসরায়েলের কর্মকর্তারা চান তিনি এতে যুক্ত হোন। তবে তিনি নিজে প্রচারে অংশ নেওয়া বা নেতানিয়াহুকে সমর্থন করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।
সাক্ষাৎকারে ইসরায়েলের জনগণের মধ্যে নিজের জনপ্রিয়তা নিয়েও মন্তব্য করেন ট্রাম্প।
তিনি বলেন, ‘ইসরায়েলিরা চায় আমি যেন নেতানিয়াহুর পক্ষে কথা বলি। তারা বলে যদি আমি প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করি তাহলে আমি ৯৯ শতাংশ ভোট পাব।’
একই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না এবং দেশটিতে স্থলবাহিনী পাঠানোরও পরিকল্পনা নেই।
ইরানে সম্ভাব্য হামলায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রচলিত বোমা ‘মাদার অব অল বম্বস’ (এমওএবি) ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি অত্যন্ত শক্তিশালী ও অত্যন্ত বড় বোমা। দেখতে বা কার্যকারিতার দিক থেকে একে ছোট পারমাণবিক বোমার সঙ্গে তুলনা করা যেতে পারে, তবে এটি পারমাণবিক অস্ত্র নয়।’
সূত্র: টাইমস অব ইসরায়েল, আনাদোলু
এমএইচআর




