ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না এবং দেশটিতে স্থলবাহিনী পাঠানোরও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ইরানে সম্ভাব্য হামলায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রচলিত বোমা ‘মাদার অব অল বম্বস’ (এমওএবি) ব্যবহারের বিষয়টি আলোচনায় আসার পর তার এই বক্তব্য সামনে এসেছে।
সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ‘আমি পারমাণবিক শক্তি ব্যবহার করব না। আমাদের এর কোনো প্রয়োজন নেই,’।
‘মাদার অব অল বম্বস’ পারমাণবিক বোমা নয় উল্লেখ করে তিনি বলেন, এটি অত্যন্ত শক্তিশালী ও অত্যন্ত বড় বোমা। দেখতে বা কার্যকারিতার দিক থেকে একে ছোট পারমাণবিক বোমার সঙ্গে তুলনা করা যেতে পারে, তবে এটি পারমাণবিক অস্ত্র নয়।
ইরানে স্থলবাহিনী পাঠানোর পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, দেশটিতে মার্কিন সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষে ফের ইরানে হামলা শুরু করতে পারে মার্কিন বাহিনী। পরিকল্পনায় ইরানের জ্বালানি অবকাঠামো এবং পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনায় হামলার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে পিকঅ্যাক্স মাউন্টেন নামে পরিচিত একটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাও রয়েছে।
মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, ইরানের পারমাণবিক কর্মসূচির কিছু গুরুত্বপূর্ণ অংশ গভীর ভূগর্ভে সুরক্ষিত অবস্থায় থাকতে পারে। এসব স্থাপনায় হামলার কার্যকারিতা নিয়ে সামরিক পরিকল্পনাকারীদের মধ্যে আলোচনা চলছে।
সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের নির্দেশে সামরিক অভিযান পুনরায় শুরু হলে এই বোমা ব্যবহারের বিষয়টি বিবেচনায় আসতে পারে।
এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘এখন আমরা পিক্যাক্স মাউন্টেনের দিকে তাকিয়ে আছি। আমাদের হয়তো সেখানে যেতে হবে। আমরা ওটাতে চেষ্টা করব। আমরা দ্রুত এটা শেষ করে ফেলব।’
যুদ্ধ শিগগিরই শেষ হবে এবং এ বিষয়ে তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে দাবি করে তিনি আরও বলেন, ‘ইরান যুদ্ধ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। এটা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে... যেভাবেই হোক, এটা খুব শিগগিরই শেষ হবে। আর তেলের দাম হু হু করে পড়ে যাবে — গ্যাসের দামও’।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের এই বিশেষ বোমাটির আনুষ্ঠানিক নাম জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট। প্রায় ২১ হাজার ৬০০ পাউন্ড বা ৯ হাজার ৮০০ কেজি ওজনের এই বোমাকে মার্কিন অস্ত্রভাণ্ডারের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা হিসেবে বিবেচনা করা হয়। এটি পারমাণবিক অস্ত্র নয়, তবে বিস্ফোরণের মাধ্যমে ব্যাপক ধ্বংস সাধন করতে সক্ষম।
সূত্র: আনাদোলু, টাইমস অব ইসরায়েল
এমএইচআর




