বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও। মঙ্গলবার (১৩ অক্টোবর) তার ডান ফুসফুসের নিচের অংশ অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের পর পরীক্ষায় ক্যান্সার শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান। 

বুধবার (১৪ অক্টোবর) ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়, ৭১ বছর বয়সী এই ধর্মগুরু বর্তমানে ইতালির রোমের জেমেলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অস্ত্রোপচার সফল হয়েছে এবং এতে কোনো জটিলতা দেখা দেয়নি। 

ভ্যাটিকান নিউজ জানিয়েছে, পোপ লিওর ফুসফুসে অ্যাডেনোকার্সিনোমা শনাক্ত হয়েছে। এটি ফুসফুসের ক্যানসারের একটি সাধারণ ধরন। অস্ত্রোপচারের সময় টিস্যু পরীক্ষা করে রোগটির উপস্থিতি নিশ্চিত করা হয়। এর আগে চিকিৎসকদের পরীক্ষায় ক্যানসারের সন্দেহ তৈরি হয়েছিল।

চিকিৎসকেরা ‘ভিএটিএস’ পদ্ধতি (বুক পুরোপুরি না কেটে, ছোট ছিদ্র করে ক্যামেরার সাহায্যে অস্ত্রোপচার) ব্যবহার করে তার ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করেন। পুরো অস্ত্রোপচার প্রক্রিয়ায় প্রায় তিন ঘণ্টা সময় লাগে, যার মধ্যে মূল অস্ত্রোপচার চলে প্রায় ৯০ মিনিট। অস্ত্রোপচারের পর পোপের স্বাভাবিকভাবে জ্ঞান ফিরে আসে এবং পর্যবেক্ষণ শেষে কেবিনে স্থানান্তর করা হয়। 

তবে ক্যান্সারটি কোন পর্যায়ে রয়েছে কিংবা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। অপসারণ করা টিস্যু ও সংশ্লিষ্ট পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এর আগে গত রোববার (১১ অক্টোবর) সেন্ট পিটার্স স্কয়ারে প্রার্থনা অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় পোপ লিও নিজেই তার ফুসফুসে একটি নডিউল বা ছোট পিণ্ড শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলেন। 

পোপ চতুর্দশ লিও ২০২৫ সালের মে মাসে ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হন। তার জন্মনাম রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। তিনি ক্যাথলিক চার্চের ইতিহাসে প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নিয়মিত ধর্মীয় ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

এদিকে পোপের অসুস্থতার খবর প্রকাশের পর বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বজুড়ে ক্যাথলিক ধর্মাবলম্বী এবং ভ্যাটিকানের জ্যেষ্ঠ কার্ডিনালরা তার জন্য প্রার্থনা করছেন।

সূত্র: ভ্যাটিকান নিউজ, আলজাজিরা


এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর