বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

গঙ্গা নদীতে নৌকা ডুবে প্রাণ গেল ১১ জনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৪ এএম

শেয়ার করুন:

গঙ্গা নদীতে নৌকা ডুবে প্রাণ গেল ১১ জনের

ভারতের বিহার রাজ্যের গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে রাজ্যের হাজিপুরের রাঘোপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নৌকায় প্রায় ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। তারা পাশের একটি গ্রামে নিমন্ত্রণ খেতে যাচ্ছিলেন। রামপুর শ্যামচন্দ গ্রামের কাছে গঙ্গা নদীতে নৌকাটি উল্টে গেলে যাত্রীরা পানিতে পড়ে যান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় রাঘোপুর থানার পুলিশ ও উদ্ধারকারী দল। নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করা হয়। একপর্যায়ে উদ্ধার করা হয় একের পর এক মরদেহ।

বৈশালীর জেলাশাসক বর্ষা সিং জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে।

উদ্ধার হওয়া আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা এবং নিহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

নৌকাটি কী কারণে উল্টে গিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর