মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ভারতের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম

শেয়ার করুন:

ভারতের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদত্যাগ
ড. এল. মুরুগান

ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ড. এল. মুরুগান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে,  ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে পূর্ণ সময় দিতে চান তিনি। এ লক্ষ্যেই কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ছেড়ে দলীয় কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মুরুগান। 

মোদির কাছে পাঠানো পদত্যাগপত্রে মুরুগান জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ তার জীবনের অন্যতম বড় সম্মান। সাধারণ শ্রমজীবী পরিবারের সন্তান হিসেবে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারাকে তিনি গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তামিলনাড়ুর মানুষের সেবা এবং দলের কর্মীদের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।

মুরুগান বিজেপির তামিলনাড়ু শাখার একজন পরিচিত নেতা। রাজ্যটিতে বিজেপির সাংগঠনিক ভিত্তি সম্প্রসারণে তিনি আগে থেকেই সক্রিয় ছিলেন। তার পদত্যগের সিদ্ধান্তের পেছনে বিজেপির তামিলনাড়ু রাজনীতিতে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর লক্ষ্য রয়েছে। ২০২৯ সালের লোকসভা নির্বাচন সামনে রেখে রাজ্যটিতে দলের অবস্থান শক্তিশালী করতে চান তিনি। 

মুরুগান ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাশাপাশি সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। তিনি রাজ্যসভার সদস্যও ছিলেন। তার পদত্যাগের ফলে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব এবং সংসদের উচ্চকক্ষ—দুই ক্ষেত্রেই পদ শূন্য হয়েছে। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এমএইচআর
 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর