মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

নতুন চুক্তি করল উত্তর কোরিয়া ও রাশিয়া 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

নতুন চুক্তি করল উত্তর কোরিয়া ও রাশিয়া 

দুর্যোগ মোকাবিলা ও জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদার করতে তিন বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া ও উত্তর কোরিয়া। ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত মেয়াদের এই চুক্তির আওতায় দুর্যোগ প্রতিরোধ, জরুরি উদ্ধার কার্যক্রম এবং দুই দেশের সংশ্লিষ্ট সংস্থার মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, সোমবার পিয়ংইয়ংয়ের অ্যাসেম্বলি হলে উত্তর কোরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী কিম চোল নাম এবং রাশিয়ার জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রী আলেক্সান্দর কুরেনকভ এক বৈঠকে অংশ নেন। 

বৈঠকে দুর্যোগ প্রতিরোধে দুই দেশের অর্জন ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

পরে উত্তর কোরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং রাশিয়ার বেসামরিক প্রতিরক্ষা, জরুরি পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগের পরিণতি মোকাবিলাবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে ২০২৭-২০২৯ মেয়াদের কর্মপরিকল্পনায় স্বাক্ষর করেন দুই মন্ত্রী।

অনুষ্ঠানে উত্তর কোরিয়ার উপদুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী রি সু গিল, পিয়ংইয়ংয়ে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই পোদোলিশেভসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রুশ প্রতিনিধিদলের সম্মানে সোমবার সন্ধ্যায় পিয়ংইয়ংয়ে একটি সংবর্ধনারও আয়োজন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন চুক্তিটি এমন এক সময়ে হলো, যখন রাশিয়া ও উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হচ্ছে। ২০২৪ সালের জুনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি সমন্বিত কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করেন। চুক্তিতে কোনো পক্ষ সশস্ত্র হামলার শিকার হলে পারস্পরিক সামরিক সহায়তার বিধান রয়েছে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে উত্তর কোরিয়ার সামরিক সহায়তা দেওয়ার বিষয়টিও দুই দেশের সম্পর্কের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০২৫ সালের জুনে রাশিয়ার কুরস্ক অঞ্চলে মাইন অপসারণ ও অবকাঠামো পুনর্গঠনের কাজে ছয় হাজার সামরিক প্রকৌশলী ও নির্মাণকর্মী পাঠানোর বিষয়ে পিয়ংইয়ং সম্মত হয়।

সূত্র: আনাদোলু

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর