মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইরানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বললেন দোভাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৪ এএম

শেয়ার করুন:

ইরানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বললেন দোভাল

ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মহসিন রেজার সঙ্গে ফোনে কথা বলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অজিত দোভালের। 

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং ভারতীয় নাবিকদের ওপর সাম্প্রতিক হামলার পর এই ফোনালাপ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

দু’দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনায় কী কী বিষয় উঠে এসেছে তা নির্দিষ্ট ভাবে প্রকাশ্যে আসেনি। 

তবে দিল্লির ইরানি দূতাবাস জানিয়েছে, ‘পশ্চিম এশিয়ার এবং বিশ্বের সাম্প্রতিক পরিস্থিতি’ নিয়ে কথাবার্তা হয়েছে তাদের।

গত মাসেই ব্রিক্‌স সম্মেলনের জন্য দিল্লিতে এসেছিলেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার ভারত সফরের এক মাসের মধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভালের সঙ্গে মহসিনের এই কথা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। 

মহসিন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব (এই পদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সমতুল)। ইরানি দূতাবাস সমাজমাধ্যমে লিখেছে, “সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসিন রেজা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ফোনে কথা বলেছেন।

সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দু’দেশের পারস্পরিক স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে তাদের আলোচনা হয়েছে।

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে, বিশেষ করে হরমুজ প্রণালির অস্থিরতা নিয়ে বার বার উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ফলে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ওই জলপথের নিরাপত্তার বিষয়টিও দোভাল এবং মহসিনের আলোচনায় উঠে এসেছে বলে মনে করা হচ্ছে। 

ঘটনাচক্রে, গত রোববারই ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি পেরোনোর সময় পর পর দু’টি জাহাজে হামলা চলে। দু’টি জাহাজেই ভারতীয় নাবিকেরা ছিলেন।

নিকারাগুয়ার পতাকাবাহী জাহাজ এমটি পেট্রো ডলফিনে ১১ জন ভারতীয় নাবিক ছিলেন। রোববার তার ওপর একটি ড্রোন আছড়ে পড়ে। নয়জনকে উদ্ধার করা গেলেও ওই জাহাজের দুই ভারতীয় নাবিকের খোঁজ মেলেনি। 

এর পর ওই রুটেই যাচ্ছিল মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি ভলথেরা। তাতেও ১১ জন ভারতীয় নাবিক ছিলেন। দ্বিতীয় জাহাজটির ওপর হামলা হলেও নাবিকেরা সবাই সুরক্ষিত রয়েছেন। হামলার নিন্দা জানিয়ে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে ভারত।

ওই বিবৃতিতে স্পষ্ট করে দেওয়া হয়, ভারতীয় নাবিকদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিম এশিয়ায় পণ্যবাহী জাহাজে বার বার হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করে দিল্লি। 

গত জুলাইয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদে বলেছিল, ফেব্রুয়ারিতে পশ্চিম এশিয়ায় পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর থেকে ওই অঞ্চলে ১০ জন নাবিক-সহ মোট ১৬ ভারতীয় নিহত হন। আহত হন আরও ৭৫ জন। 

এ অবস্থায় দোভাল এবং মহসিনের ফোনালাপে হরমুজ দিয়ে চলাচল করা পণ্যবাহী জাহাজের নিরাপত্তার বিষয়টি নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর