ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায়। তবে কীভাবে সেই চুক্তি করতে হবে, তা দেশটির নেতারা জানেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এই নির্বাচনী প্রচারণার অংশ নিয়েছেন ট্রাম্প।
সমাবেশে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলেও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি ইরানকে ‘সন্ত্রাসবাদের এক নম্বর পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবেও উল্লেখ করেন।
ইরানের সামরিক সক্ষমতা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট বলেন বলেন, ইরানের হাতে কোনো অর্থও নেই। বর্তমানে ইরানের কোনো নৌবাহিনী, বিমানবাহিনী বা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নেই। বিশ্বের যেকোনো দেশের তুলনায় দেশটিতে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি।
তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে পূর্বাভাস দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘তেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাবে।’
এদিকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ধারাবাহিক হামলার ঘটনায় ইয়েমেনের হুতিদের সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি হুতিদের আচরণকে ‘খুবই খারাপ’ বলে উল্লেখ করেন। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরও ছিল। সূত্র: আল জাজিরা।
এমআর




