শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

শ্রমিকদের বেতন বাড়ানোর ঘোষণা মালয়েশিয়ার, উপকৃত হবে বাংলাদেশিরাও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পিএম

শেয়ার করুন:

শ্রমিকদের বেতন বাড়ানোর ঘোষণা মালয়েশিয়ার, উপকৃত হবে বাংলাদেশিরাও
পার্লামেন্টে ২০২৭ সালের বাজেট উপস্থাপনের সময় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

স্থানীয় ও বিদেশি শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ১ হাজার ৭০০ রিঙ্গিতের ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করা হবে। এতে দেশটিতে কর্মরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ৪০ লাখের বেশি বিদেশি কর্মী উপকৃত হবেন। 

শুক্রবার (৯ অক্টোবর) মালয়েশিয়ার পার্লামেন্টে ২০২৭ সালের বাজেট উপস্থাপনের সময় দেশটির প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ সিদ্ধান্তের কথা জানান। ২০২৭ সালের জুন থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা রয়েছে।  

এদিন ২০২৭ সালের জন্য ৪৫৯.৮ বিলিয়ন রিঙ্গিতের (১১২.৪৮ বিলিয়ন ডলার) একটি সম্প্রসারণমূলক বাজেট প্রস্তাব করেছেন আনোয়ার ইব্রাহিম। 

সংসদে দেওয়া দুই ঘণ্টার এক ভাষণে তিনি জানান, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের আয় বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমাদের প্রশ্ন শুধু এই নয় যে অর্থনীতি কতটা বড় করে গড়ে তোলা হবে, বরং এর প্রবৃদ্ধি পরিবারগুলোকে সঞ্চয় গড়ার, শ্রমিকদের আরও মর্যাদাপূর্ণ মজুরি পাওয়ার এবং ক্ষুদ্র ব্যবসাগুলোকে ক্রমাগত বিকাশের সুযোগ করে দেবে কি না।’

এদিকে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে শ্রমিকদের মাসিক ন্যূনতম বেতন ৩০০ রিঙ্গিত বাড়বে। অর্থাৎ, বর্তমানের তুলনায় বেতন বাড়বে প্রায় ১৭ দশমিক ৬৫ শতাংশ। মজুরি বৃদ্ধির ফলে শ্রমিকদের আয় বাড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য, বাসাভাড়া, যাতায়াত ও অন্যান্য খরচ সামলাতে কিছুটা সুবিধা হতে পারে। 

এছাড়াও ব্যক্তিগত আয়কর ছাড় বছরে ৯ হাজার রিঙ্গিত থেকে বাড়িয়ে ১২ হাজার রিঙ্গিত করার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। 

উপকৃত হবেন বাংলাদেশি শ্রমিকেরা

মালয়েশিয়ায় বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক নির্মাণ, উৎপাদন, পরিষেবা ও বিভিন্ন খাতে কাজ করেন। নতুন ন্যূনতম মজুরি কার্যকর হলে সংশ্লিষ্ট নিয়মের আওতাভুক্ত বাংলাদেশি শ্রমিকদের আয়ও বাড়তে পারে।

তবে সব ধরনের কর্মী ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন মজুরি একইভাবে কার্যকর হবে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। 

সূত্র: রয়টার্স, বার্নামা 

 

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর