বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ভারতে পলাতক বাংলাদেশিদের নিয়ে যা বলল নয়াদিল্লি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পিএম

শেয়ার করুন:

ভারতে পলাতক বাংলাদেশিদের নিয়ে যা বলল নয়াদিল্লি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পলাতক বাংলাদেশি নাগরিকদের নিয়ে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। 

বুধবার (৭ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ব্রিফিংয়ে বাংলাদেশ-সংশ্লিষ্টদের প্রত্যর্পণ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘প্রত্যর্পণের বিষয়টি মূলত একটি আইনি বিষয়। আমরা আগেও যেমন বলেছি সংশ্লিষ্ট বিভিন্ন আইনগত দিক বিবেচনা করা হচ্ছে।’

একই সাংবাদিক জানতে চান শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রায়ের নথি নয়াদিল্লি হাতে পেয়েছে কিনা?

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি জয়সওয়াল।  

এর আগেও নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, দেশটি অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির নিজস্ব আইন রয়েছে। বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রেও সেই আইনই প্রয়োগ করা হবে। 

তিনি আরও জানান, কোনো ব্যক্তির বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বিদ্যমান দ্বিপক্ষীয় ব্যবস্থার মাধ্যমে প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

এদিকে সাম্প্রতিক সময়ে ভারতে অবস্থানরত কথিত অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হয়েছে।

গত সোমবার (৫ অক্টোবর) জম্মু-কাশ্মীরে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক প্রায় ৫০০ জনের মধ্যে ১৫০ বাংলাদেশিকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে করে পশ্চিমবঙ্গের বাগডোগরায় নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাদের বাংলাদেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া নেওয়ার কথা।

ভারতের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। 

তিনি বলেন, ‘সংশ্লিষ্ট ব্যক্তিরা অবৈধভাবে অবস্থান করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলাদা; তবে তাদের মধ্যে থেকে হঠাৎ করে ১৫০ জনকে সরিয়ে নেওয়ার বিষয়টি অস্বাভাবিক।’ 

ওমর আবদুল্লাহ আরও জানান, আটক ব্যক্তিদের উপস্থিতিতে স্থানীয়ভাবে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছিল—এমন কিছু তার নজরে আসেনি।

তবে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনসংখ্যা পরিবর্তন সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটির জরিপে ওই অঞ্চলে ৫০৪ জন বাংলাদেশি ও ৭ হাজার ৬৫৬ জন রোহিঙ্গার বসবাসের তথ্য পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আটককৃতরা মূলত কাশ্মীর উপত্যকায় ছোটখাটো পেশায় যুক্ত ছিলেন।

সূত্র: পিটিআই

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর