মার্কিন ডলারের উত্থান এবং ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে সিদ্ধান্তের আগে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতায় বিশ্ববাজারে বড় পতনের মুখে পড়েছে স্বর্ণের দাম। একই সঙ্গে কমেছে আরেক মূল্যবান ধাতু রূপার দামও।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৭ অক্টোবর) সকাল ৯ টা ০৫ মিনিটে (জিএমটি) স্পট গোল্ডের দাম ০ দশমিক ৯৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২২ দশমিক ৭৩ ডলারে নেমে আসে।
একই সময়ে ডিসেম্বর সরবরাহের মার্কিন গোল্ড ফিউচার ০ দশমিক ৯১ শতাংশ কমে ৪ হাজার ১৪৯ ডলারে দাঁড়িয়েছে।
স্বর্ণের দামের ওপর চাপ তৈরির অন্যতম কারণ ছিল মার্কিন ডলারের শক্তিশালী হওয়া। বুধবার ডলার সূচক প্রায় ০ দশমিক ৪ শতাংশ বেড়েছে। সাধারণত ডলারের মূল্য বাড়লে অন্যান্য মুদ্রায় লেনদেনকারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে ওঠে। এতে আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির চাহিদায় চাপ তৈরি হতে পারে।
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সর্বশেষ (সেপ্টেম্বর) নীতি নির্ধারণী বৈঠকের কার্যবিবরণী প্রকাশের আগে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের সতর্কতা কাজ করছে। অনেক বিনিয়োগকারী আপাতত অপেক্ষার কৌশল নিয়েছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের তুলনামূলক দুর্বল তথ্যের পর চলতি অক্টোবরে ফেড সুদের হার বাড়াবে—এমন প্রত্যাশা কমেছে। তবে ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা এখনো যথেষ্ট শক্তিশালী।
রয়টার্সের হিসাবে, ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৮৬ শতাংশ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।
কানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ শ্মিড বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সুদের হার আরও বাড়ানো প্রয়োজন।
অন্যদিকে সান ফ্রান্সিসকো ফেডের প্রেসিডেন্ট মেরি ডেলি বলেছেন, মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি করা কারণগুলো সাময়িকভাবে কমছে নাকি দীর্ঘস্থায়ী হচ্ছে, তার ওপর পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে।
সাধারণত সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীদের কাছে সুদ বা মুনাফা প্রদানকারী সম্পদ তুলনামূলক আকর্ষণীয় হয়ে ওঠে। অপরদিকে স্বর্ণ কোনো সুদ দেয় না। ফলে সুদের হার বাড়ার সম্ভাবনা তৈরি হলে স্বর্ণের ওপর চাপ দেখা দিতে পারে।
এদিকে স্বর্ণের পাশাপাশি অন্য মূল্যবান ধাতুগুলোরও দাম কমেছে। বুধবার স্পট রুপার দাম ২ দশমিক ২ শতাংশ কমে ৬০ দশমিক ৩৬ ডলারে, প্লাটিনাম ৩ শতাংশ কমে ১ হাজার ৬৫০ দশমিক ৪৫ ডলারে এবং প্যালাডিয়াম ২.৭ শতাংশ কমে ১ হাজার ১৪০ দশমিক ৮৯ ডলারে লেনদেন হচ্ছে।
সূত্র: রয়টার্স
এমএইচআর




