ইয়েমেনের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা হুতিদের কাছ থেকে পুনর্দখলের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোটের মিত্র ইয়েমেনি বাহিনী।
সোমবার ইয়েমেনি কর্মকর্তারা এ দাবি করেন। একই সময়ে সৌদি আরবের তেল স্থাপনা, বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে হুতিরা। এতে ইয়েমেনের পশ্চিম উপকূলে লড়াই আরও তীব্র হয়েছে।
ইয়েমেনি কর্মকর্তাদের দাবি, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মিত্র বাহিনী বাব আল-মান্দেব প্রণালির উত্তরে গুরুত্বপূর্ণ শহর ধুবাব পুনর্দখল করেছে। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত বাব আল-মান্দেব আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ।
কর্মকর্তারা আরও দাবি করেন, বাহিনী বাব ও হাদেইদ শহরও দখলে নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এসব কর্মকর্তা বলেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তারা পরিচয় প্রকাশ করতে চাননি।
প্রত্যক্ষদর্শীরা সরকারি বাহিনীর ট্যাংক ও সেনাদের এসব শহরে প্রবেশ করতে দেখেছেন বলে জানান।
সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান সহায়তায় সোমবার ভোরে শুরু হওয়া বড় ধরনের সামরিক অভিযানের অংশ হিসেবে এই অগ্রযাত্রা চালানো হচ্ছে বলে কর্মকর্তারা জানান।
এদিকে হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেছেন, সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হুতিরা।
একটি আগে থেকে ধারণ করা ভিডিও বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, সৌদি রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং লোহিত সাগরের উপকূলীয় শহর রাবিগের একটি তেল শোধনাগার হামলার লক্ষ্যবস্তু ছিল।
এ ছাড়া আভা বিমানবন্দর, খামিস মুশাইতের সামরিক স্থাপনা এবং নাজরান ও জিজান শহরের আরও কিছু ‘গুরুত্বপূর্ণ স্থাপনায়’ হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
এমআর




