সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদে (হানিট্র্যাপ) পা দিয়ে পাকিস্তানের এক নারী এজেন্টের কাছে দেশের গোপন তথ্য পাচার করার অভিযোগে ভারতীয় নৌবাহিনীর এক নাবিককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) কোয়েম্বাটুরের একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রদীপ মুখার্জি নামের ওই ৩১ বছর বয়সি নাবিককে গ্রেফতার করে অন্ধ্রপ্রদেশ পুলিশ। খবর হিন্দুস্তান টাইমসের।

পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রদীপ ২০১৪ সালে নৌবাহিনীতে যোগ দেন এবং বিশাখাপত্তনমের ইস্টার্ন নেভাল কমান্ডে কর্মরত ছিলেন।
একটি ট্রেনিং কোর্সের জন্য তিনি কোয়েম্বাটুরে অবস্থান করছিলেন। তদন্তে জানা গেছে, বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক পাকিস্তানি নারী গোয়েন্দা প্রদীপের সঙ্গে যোগাযোগ বাড়ায়।
এই অনলাইন সম্পর্কের জালে জড়িয়ে তিনি বিশাখাপত্তম নৌঘাঁটির যুদ্ধজাহাজের চলাচল ও নানা কৌশলগত গোপন তথ্য ওই এজেন্টের কাছে পাচার করেন।
দীর্ঘদিন সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পর পুলিশ তাকে নজরদারিতে রেখে অবশেষে গ্রেফতার করে।
মুখার্জি গ্রেফতারের সময় একটি ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কোর্সে অংশ নিচ্ছিলেন এবং প্রায় এক সপ্তাহ ধরে ওই প্রশিক্ষণ কেন্দ্রটিতে অবস্থান করছিলেন।
গুপ্তচরবৃত্তির এ ঘটনাটি সোশ্যাল মিডিয়া-ভিত্তিক ‘হানি ট্র্যাপ’ নামে একটি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
-এমএমএস




