সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার, নিখোঁজ ৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ১১:০০ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার, নিখোঁজ ৬

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ন্যান্টাকেট দ্বীপের উপকূলে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ একটি এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ শনাক্ত করেছে মার্কিন কোস্ট গার্ড। তবে বিমানটিতে থাকা ছয় আরোহীর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

মার্কিন কোস্ট গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তাদের জানায় যে, সি-জিআরজেপি টেইল নম্বরযুক্ত একটি গালফস্ট্রিম জি১০০ বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

এরপর ন্যান্টাকেটের আশপাশের বিশাল সমুদ্র এলাকায় অনুসন্ধান শুরু করে কোস্ট গার্ড। কয়েক ঘণ্টার অভিযানের পর বিমানটির সঙ্গে সম্পর্কিত একটি ধ্বংসাবশেষের এলাকা শনাক্ত করা হয়।

কানাডাভিত্তিক ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্স পরিচালিত বিমানটিতে চারজন ক্রু ও দুজন যাত্রী ছিলেন।

কোম্পানির মুখপাত্র ক্ল্যারেন্স টোগেরেটজ এএফপিকে জানিয়েছেন, বিমানে ছিলেন দুজন পাইলট, দুজন চিকিৎসাকর্মী, একজন রোগী ও রোগীর পরিবারের এক সদস্য। এরমধ্যে চার ক্রু কানাডার নাগরিক এবং দুই যাত্রী বারমুডার নাগরিক।

প্রাথমিক ফ্লাইট-ট্র্যাকিং তথ্য বলছে, নিখোঁজ হওয়ার আগে বিমানটি প্রায় ২৪ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। এরপর অল্প সময়ের মধ্যে সেটি প্রায় ১০-১১ হাজার ফুট উচ্চতায় নেমে আসে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কিছুক্ষণ আগে পাইলট জরুরি পরিস্থিতির কথা জানিয়েছিলেন।

মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, নিখোঁজ ছয় আরোহীর অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে। উদ্ধার অভিযানে কোস্ট গার্ডের বিমান, হেলিকপ্টার ও নৌযান ব্যবহার করা হচ্ছে। কানাডার সংশ্লিষ্ট কর্তৃপক্ষও মার্কিন উদ্ধার অভিযানের সঙ্গে সমন্বয় করছে।

সূত্র: এনডিটিভি 

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর