রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

পিটিআইয়ের লংমার্চ শুরু, ইসলামাবাদে প্রবেশ ঠেকাতে চায় সরকার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

পিটিআইয়ের লংমার্চ শুরু, ইসলামাবাদে প্রবেশ ঠেকাতে চায় সরকার
ইসলামাবাদ অভিমুখে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের লংমার্চ শুরু

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চের প্রথম ধাপ খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত থেকে শুরু করার ঘোষণা দিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।

সামা টিভির প্রতিবেদন অনুযায়ী, রোববার (৪ অক্টোবর) সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আফ্রিদি জানান, আজ দুপুর ১টায় লাক্কি মারওয়াতের গান্দি চৌক থেকে প্রথম ধাপের লংমার্চ শুরু হবে।

ট্যাংক, ডেরা ইসমাইল খান, দক্ষিণ ওয়াজিরিস্তান, উত্তর ওয়াজিরিস্তান, বান্নু ও লাক্কি মারওয়াত থেকে আসা মিছিলও এতে যোগ দেবে বলেও উল্লেখ করা হয় পোস্টে।

শুক্রবার প্রথম দফা আলোচনার পর শনিবার বিকেলে দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়। কয়েক ঘণ্টা ধরে চলা বৈঠকটি রোববার ভোরে কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। আলোচনার অন্যতম প্রধান অমীমাংসিত বিষয় ছিল কারাবন্দি ইমরান খানের সঙ্গে পিটিআই নেতাদের সাক্ষাতের সুযোগ। সরকার আগে লংমার্চ প্রত্যাহারের ঘোষণা চাইলেও পিটিআই ইমরানের সঙ্গে সাক্ষাতের আগে কর্মসূচি প্রত্যাহারে রাজি হয়নি।

সরকার ও বিরোধীদের মধ্যে দীর্ঘ আলোচনার কয়েক ঘণ্টা পর এ ঘোষণা আসে। প্রস্তাবিত লংমার্চ এবং সন্ত্রাসবাদ দমনে কেন্দ্রীয় সরকার ও খাইবার পাখতুনখোয়া সরকারের সহযোগিতা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধের সমাধান হয়নি।

আফ্রিদির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার রাতে মিছিলটি কারাকের কাছে অবস্থান করবে।

৫ অক্টোবর দুপুরে কারাক থেকে অংশগ্রহণকারীরা মিছিলে যোগ দেবেন। দুপুর সাড়ে ১২টায় সেখান থেকে মিছিল কোহাটের উদ্দেশে রওনা হবে।

৬ অক্টোবর দুপুরে কোহাট, হাঙ্গু, কুররাম ও ওরাকজাই থেকে আসা মিছিল এতে যোগ দেবে। এরপর মিছিল পেশোয়ারের দিকে যাবে এবং মাতানি এলাকায় রাতে অবস্থান করবে।

৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় পেশোয়ারের বুধ ভের থেকে মিছিল যাত্রা শুরু করবে। পথে খাইবার জেলার অংশগ্রহণকারীরা এতে যোগ দেবেন। পেশোয়ারের অন্যান্য মিছিল কোহাট রোড ব্রিজ ও মোটরওয়ে টোল প্লাজার কাছে মূল মিছিলে যুক্ত হবে। পরে মিছিলটি চরসদ্দা ইন্টারচেঞ্জের কাছে থামবে।

৮ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় চরসদ্দা ইন্টারচেঞ্জ থেকে আবার মিছিল শুরু হবে। এ সময় চরসদ্দা ও মোহমান্দের মিছিল এতে যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকা থেকে আসা অংশগ্রহণকারীরা খাইরাবাদে জড়ো হবেন। সেখানেই লংমার্চের পরবর্তী ধাপের কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে, পিটিআইয়ের এই লংমার্চ ইসলামাবাদে প্রবেশ করতে দেওয়া হবে না বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ।

তার ভাষ্য, সন্ত্রাসবাদ দমনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতা নিয়ে খাইবার পাখতুনখোয়া সরকারের কাছ থেকে প্রয়োজনীয় নিশ্চয়তা না পাওয়ায় সরকারের অবস্থান কঠোর হয়েছে।

তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় পিটিআই ও খাইবার পাখতুনখোয়া সরকার সহযোগিতা করতে প্রস্তুত থাকলে আবারও আলোচনা হতে পারে।

সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যেকোনো রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে লংমার্চ প্রত্যাহার করতে হবে।

লংমার্চ ঘিরে প্রস্তুতির মধ্যে ইসলামাবাদে রেঞ্জার্স মোতায়েনের মেয়াদও বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত রাজধানীতে রেঞ্জার্স সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এর আগে ৫ অক্টোবর পর্যন্ত তাদের মোতায়েনের অনুমতি ছিল। দুনিয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মেয়াদ বাড়ানোর পর রাজধানীতে প্রায় ৩ হাজার রেঞ্জার্স সদস্য মোতায়েন থাকবেন।

সরকার বলেছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে কনটেইনার বসানোসহ বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

পিটিআইয়ের দাবির মধ্যে রয়েছে ইমরান খানের সঙ্গে তাৎক্ষণিক সাক্ষাতের সুযোগ এবং তাকে হাসপাতালে নিয়ে গিয়ে তার ব্যক্তিগত চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা। এ ছাড়া ইমরানের বোন ও লংমার্চের আগে আটক হওয়া নেতাকর্মীদের মুক্তি, তার স্ত্রী বুশরা বিবির যথাযথ চিকিৎসা এবং তাদের মামলাগুলোতে যথাযথভাবে শুনানি নিশ্চিত করার দাবিও রয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেন, খাইবার পাখতুনখাওয়া সরকার ভবিষ্যতে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করবে কিনা, সেই বিষয়ে নিশ্চয়তা না পাওয়াও আলোচনা ব্যর্থতার একটি প্রধান কারণ। পিটিআই-নেতৃত্বাধীন প্রদেশটির সরকার এ বিষয়ে কেন্দ্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেনি।

লংমার্চ কর্মসূচি প্রথমে ২৭ সেপ্টেম্বরের জন্য ঘোষণা করেছিল পিটিআই। পরে নিরাপত্তা জোরদার এবং ইসলামাবাদমুখী সড়কে সরকারি বাধার মধ্যে কর্মসূচি ৪ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, সাবেক ক্রিকেটার ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সাল থেকে কারাবন্দি। তিনি রাওয়ালপিন্ডির উচ্চ নিরাপত্তার আদিয়ালা কারাগারে রয়েছেন। দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে এবং বর্তমানে তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর