তুরস্কের ইস্তাম্বুলে ইরানের কাসপিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান জব্দ করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুই দেশের গণমাধ্যমের প্রতিবেদনে ইরানি ওই বিমান জব্দের তথ্য জানানো হয়েছে।
যাত্রীরা যখন বিমানটিতে উড্ডয়নের জন্য প্রস্তুত হয়ে বসেছিলেন, ঠিক তখনই কাস্পিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটিতে আদালতের প্রতিনিধিরা (বেলিফ) প্রবেশ করেন এবং বিমানটি উড্ডয়নের আগেই প্রায় ৩০ লাখ ইউরোর ঋণ সংক্রান্ত একটি আইনি আদেশ জারি করেন। খবর দ্যা ইউরো নিউজের।
ইরানের বিমান চলাচল খাতের ওপর যুক্তরাষ্ট্রের ‘সেকেন্ডারি স্যাংশন’ বা অতিরিক্ত নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক দিনের মধ্যেই বিমানটি জব্দ করার এই ঘটনাটি ঘটল।
উল্লেখ্য, এই নিষেধাজ্ঞার ফলে তেহরানের প্রধান বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের অর্থনীতিকে চাপে ফেলতে দেশটির এয়ারলাইন্সগুলোর ওপর সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র যে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে, এই জব্দের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত কাসপিয়ান এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রশাসনিক জটিলতার কারণে ইস্তাম্বুল থেকে তেহরানগামী একটি বোয়িং উড়োজাহাজে পরিচালনাগত সাময়িক স্থবিরতা তৈরি হয়েছে।
উড্ডয়ন স্থগিত হওয়ায় যাত্রীদের উড়োজাহাজটি থেকে নামিয়ে দেওয়া হয়। তবে ইস্তাম্বুল বিমানবন্দর পরিষেবা বাবদ বকেয়া ৩০ লাখ ইউরোর হিসাব নিষ্পত্তিতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্রুতই উড়োজাহাজটি ইরানে ফিরে যাবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলেও ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য জানায়নি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
চলতি মাসের শুরুর দিকে আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার প্রভাব ব্যবহার করে ইরানের বিমান সংস্থাগুলোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।
সেখানে বলা হয়, যেসব প্রতিষ্ঠান ইরানের এয়ারলাইন্সের সঙ্গে বাণিজ্য করবে, তারা ডলার-ভিত্তিক আন্তর্জাতিক লেনদেন থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে। তবে তুরস্ক এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেই নিষেধাজ্ঞা পুরোপুরি কঠোরভাবে কার্যকর করেনি।
বর্তমানে ইরান এয়ারসহ কয়েকটি সংস্থা দুই দেশের মধ্যে নিয়মিত যাত্রী পরিবহন অব্যাহত রেখেছে। তবে ভারী পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম মহান এয়ার বলেছে, আঙ্কারার অনুরোধের পরিপ্রেক্ষিতে তুরস্কে তাদের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
-এমএমএস




