মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দুই মাসের মধ্যে সর্বনিম্ন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দুই মাসের মধ্যে সর্বনিম্ন

টানা পতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম সাত সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ দশমিক ১০ ডলারে দাঁড়ায়। তবে গত সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রায় ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১১০ ডলার ৫৫ সেন্টে নেমে আসে, যা গত ৫ আগস্টের পর থেকে সর্বনিম্ন দাম। 

একই সময়ে মার্কিন গোল্ড ফিউচার ০.১ শতাংশ বেড়ে ৪ হাজার ১৭১ দশমিক ৬০ ডলারে লেনদেন হচ্ছে। 

বিশ্লেষকদের মতে, সামান্য এই মূল্যবৃদ্ধিকে স্বর্ণবাজারের মৌলিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ কম। বরং আগের দিনের বড় দরপতনের পর এটি স্বল্পমেয়াদি পুনরুদ্ধার হতে পারে।

অ্যাক্টিভট্রেডসের প্রধান নির্বাহী রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের এই পুনরুদ্ধার মূলত আগের দিনের তীব্র বিক্রির পর কারিগরি পুনরুদ্ধার বলেই মনে হচ্ছে’।

রয়টার্স জানিয়েছে, স্বর্ণের দাম কমার পেছনে বড় ভূমিকা রাখে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। আঞ্চলিক সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। আর তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতির আশঙ্কা আরও জোরালো হয়েছে, ফলে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা বেড়েছে।

স্বর্ণকে সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়, তবে উচ্চ সুদের হার এই ধাতুর আকর্ষণ কমিয়ে দেয়।

অন্যদিকে বিনিয়োগকারীরা এখন বুধবারের এডিপি কর্মসংস্থান তথ্য এবং পিসিই তথ্যসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্যের পাশাপাশি ফেডের বেশ কয়েকজন নীতি নির্ধারকের মন্তব্যের দিকেও নজর রাখছেন। এসব তথ্য থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ ও শ্রমবাজারের পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

সিএমই-এর ফেডওয়াচ টুল অনুসারে, অক্টোবর মাসে ফেডের সুদহার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ এবং ডিসেম্বরে তা বৃদ্ধির ৯৬ শতাংশ সম্ভাবনা দেখছে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। মঙ্গলবার স্পট রুপার দাম ০ শতাংশ ৫ শতাংশ কমে ৬০ দশমিক ৬৬ ডলার, প্লাটিনাম ১ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ৬৮৮ দশমিক ১৭ ডলার এবং প্যালাডিয়াম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ২২১ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স


এমএইচআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর