সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ইসরায়েলি সেনা সহায়তায় আল আকসায় ঢুকল ১৫০০ ইহুদি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

ইসরায়েলি সেনা সহায়তায় আল আকসায় ঢুকল ১৫০০ ইহুদি

জেরুজালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর ছত্রছায়ায় ঢুকে পড়েছে দেড় হাজার ইহুদি। 

ইহুদিদের ধর্মীয় উৎসব সুক্কোতের দ্বিতীয় দিনে এই ঘটনা ঘটেছে। এরপর ইসরায়েল দখলদার কর্তৃপক্ষ আল-মাগারিবা ফটক বন্ধ করে দিয়েছে। এই ফটক ডাং গেট নামেও পরিচিত।

জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, দখলদাররা দলে দলে মাগারিবা ফটক দিয়ে মসজিদ প্রাঙ্গণে ঢুকেছে। দখলদার সেনা ও পুলিশ তাদের কড়া পাহারা দিয়েছে।

দখলদাররা মসজিদের প্রাঙ্গণে তালমুদীয় রীতি পালন করেছেন এবং প্রার্থনা করেছেন। বিশেষ করে মসজিদের একটি প্রবেশপথ আল-কাত্তানিন ফটকের কাছে এসব হয়েছে। একই সময়ে তথাকথিত ‘উদ্ভিদ নৈবেদ্য’ প্রাঙ্গণে আনা হয়েছে।

দখলদার বাহিনী আল-কাত্তানিন বাজারের কয়েকটি দোকানের মালিককে দোকান বন্ধ করতে বাধ্য করেছে। এই বাজার আল-আকসার দিকে গেছে। 

বাজারের ভেতরেও দখলদাররা তালমুদীয় রীতি পালন করেছেন। তখন পুরোনো শহরে সাধারণ মানুষের চলাচলে কড়াকড়ি আরও বাড়ানো হয়েছিল।

মসজিদের বাইরের একটি ফটক আল-হুত্তা ফটক। এর বাইরেও দখলদাররা প্রার্থনা করেছেন। সুক্কোতের দ্বিতীয় দিনেও এই অনুপ্রবেশ ও ধর্মীয় আচার চলতে থাকে।

আল-আকসা মসজিদ ও পুরোনো শহরের আশপাশে দখলদার কর্তৃপক্ষ সামরিক ব্যবস্থা জোরদার করেছে। মুসল্লিদের প্রবেশ ও চলাচলেও বিধিনিষেধ দেওয়া হয়েছে। জেরুজালেম গভর্নরেটের মতে, এসব পদক্ষেপ নতুন বাস্তবতা তৈরির চেষ্টার অংশ। 

এর মাধ্যমে ঐতিহাসিক আইন বদলে দেওয়ার চেষ্টা চলছে। লক্ষ্য হলো ওই স্থানের নিয়ন্ত্রণ পাকাপোক্ত করা এবং সময় ও স্থান ভাগ করে দেওয়া।

আল আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। ইহুদিরা এই জায়গাটিকে বলে ‘টেম্পল মাউন্ট’, তাদের দাবি এই জায়গাতে তাদের ইহুদি মন্দিরের অবস্থান ছিল। 

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর