রাশিয়ায় শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতভর ১১০০টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। রুশ কর্মকর্তারা রোববার (২০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন।
মস্কোর মেয়র এ হামলাকে রাজধানীতে এখন পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন হামলা বলে উল্লেখ করেছেন। খবর সিএনএন ও তাসের।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে এবং ক্রিমিয়া ও কৃষ্ণসাগর এলাকায় ইউক্রেনের ১ হাজার ১০০টি ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাজধানীর দিকে যাওয়ার সময় ৪৫০টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে কয়েকটি ড্রোন মস্কোর তেল শোধনাগার এবং একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে বলেও জানান তিনি।
রাশিয়ার সংসদীয় নির্বাচনের তৃতীয় ও শেষ দিনে এ হামলা চালানো হয়। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এটিই ছিল রাশিয়ায় প্রথম সংসদীয় নির্বাচন।
এই নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতা আরও সুসংহত হবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। কারণ তার নীতির বিরুদ্ধে বিরোধিতা করা খুব বিরল।
এদিকে রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চলেও ভোটগ্রহণ করেছে। মস্কো এসব অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করার দাবি করলেও সেগুলোর পুরোপুরি নিয়ন্ত্রণ তাদের হাতে নেই।
২০১৪ সালে রাশিয়ার দখলে যাওয়া ক্রিমিয়াতেও ভোট হয়েছে। ইউক্রেন এই ভোটগ্রহণকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে।
মেয়র সোবিয়ানিন বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতেই এই হামলা চালানো হয়েছিল। তবে তিনি দাবি করেন, হামলা নির্বাচনী কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারেনি।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, শনিবার দিবাগত মধ্যরাত থেকে মস্কোর দিকে ধেয়ে আসা ইউক্রেনের শত শত ড্রোনের মধ্যে ৩৩৮টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
মেয়র তার সর্বশেষ বিবৃতিতে জানিয়েছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আকাশ প্রতিরক্ষা বাহিনী মস্কোর দিকে ধেয়ে আসা আরও ১৫২টি ড্রোন ধ্বংস করেছে।
তিনি 'ম্যাক্স' (Max) মেসেঞ্জারে লিখেছেন, "যেসব এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে, সেখানে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন।" এর আগে মেয়র জানিয়েছিলেন যে, মস্কোর পথে ১৮৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
-এমএমএস




