বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ এএম

শেয়ার করুন:

হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইনসেটে শহীদ শরিফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট।

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের প্রতিবেদন বিবেচনায় নিয়ে মামলাটি খারিজ করেন।

গত ২ জুন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর কলকাতার ধর্মতলার ধরনা মঞ্চে দেওয়া এক বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় নাম উল্লেখ না করে বাংলাদেশে সংঘটিত একটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তোলেন।

তিনি তখন বলেন, জাতীয় স্বার্থের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির নাম প্রকাশ করবেন না। তবে রাজনৈতিক মহলের একাংশের ধারণা ছিল, তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনাকেই ইঙ্গিত করেছিলেন।

ওই বক্তব্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তার সেই মন্তব্য নিয়ে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে সে সময় আলোচনা তৈরি হয়।

এ ঘটনার পর অভ্রতনু সরকার নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। গত ১ সেপ্টেম্বর মামলার শুনানিতে আদালত মমতার বক্তব্যে কোনো আমলযোগ্য অপরাধের উপাদান আছে কি না, সে বিষয়ে রাজ্য সরকারের কাছে প্রতিবেদন চেয়েছিলেন।

বুধবার আদালতে জমা দেওয়া প্রতিবেদনে রাজ্য সরকার জানায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কোনো আমলযোগ্য অপরাধের উপাদান পাওয়া যায়নি। এ প্রতিবেদন বিবেচনায় নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজ করে দেন।

এর আগে মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী। তিনি জানতে চান, এটি কীভাবে জনস্বার্থ মামলা হিসেবে বিবেচিত হতে পারে। একই সঙ্গে জনস্বার্থ মামলাকে ‘একটি যন্ত্র’ হিসেবে ব্যবহার করার প্রবণতারও সমালোচনা করেছিলেন তিনি।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর