গ্রিক দ্বীপ গাভদোসের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আসা একটি নৌকা ডুবে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো আরও ২৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েয়ে স্থানীয় কোস্টগার্ড।
সোমবার( ১৪ সেপ্টেম্বর) হেলেনিক কোস্টগার্ডের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘একটি কার্গো জাহাজ ও একটি তেলবাহী ট্যাংকারের সহায়তায় ৫১ জনকে উদ্ধার করা হয়েছে।’ তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য দেননি তিনি।
বেঁচে যাওয়া ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, নৌকাটিতে মোট ৭৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন।
কোস্টগার্ডের ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, রোববার গাভদোসের প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে সমুদ্র এলাকায় একটি নৌকাকে আংশিকভাবে ডুবে থাকা অবস্থায় শনাক্ত করা হয়। এখনও নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, ‘কাছাকাছি থাকা চারটি জাহাজ, দুটি নৌকা এবং ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি ড্রোন ও বিমানবাহিনীর একটি উড়োজাহাজ এই অভিযানে অংশ নিচ্ছে’।
লিবিয়ার উপকূলের বিপরীতে অবস্থিত ক্রিট ও কাছের দ্বীপ গাভদোস সাম্প্রতিক সময়ে গ্রিসে আশ্রয়প্রার্থীদের প্রবেশের প্রধান পথ হয়ে উঠেছে। এসব দ্বীপে পৌঁছানোর পর তাদের এজিয়ান সাগরের বিভিন্ন দ্বীপ অথবা গ্রিসের মূল ভূখণ্ডে থাকা অভ্যর্থনা কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়।
ক্রিটে বর্তমানে আশ্রয়প্রার্থীদের জন্য অস্থায়ীভাবে থাকার একটি কেন্দ্র রয়েছে। তবে দেশটির অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয় সেখানে শিগগিরই একটি আশ্রয় ও অভ্যর্থনা কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে।
গ্রিক মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা এএনএ জানিয়েছে, গত আগস্টের শেষ পর্যন্ত আগের ১২ মাসে গ্রিসে অভিবাসনপ্রত্যাশীদের আগমন প্রায় এক-তৃতীয়াংশ কমেছে।
২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ৬১ হাজার ১১২ জন গ্রিসে পৌঁছেছিলেন।
২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত একই সময়ে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪১ হাজার ৯৯৮ জনে। অর্থাৎ এক বছরে দেশটিতে অভিবাসী আগমন কমেছে প্রায় ২০ হাজার।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস
এমএইচআর




