ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ জোটের ১১টি দেশের শীর্ষ নেতারা। আর এই বিশ্বনেতাদের চোখ থেকে দারিদ্র্য আড়াল করতে দিল্লির ‘বসন্ত বিহার কুলি ক্যাম্প’ নামের একটি বস্তিসহ বেশ কিছু নিম্ন-আয়ের এলাকা কাপড় দিয়ে ঢেকে দেওয়া অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্মেলনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা দিল্লিতে আসার আগেই শহরের গুরুত্বপূর্ণ সড়কের পাশে থাকা বস্তির সামনে ফুটপাথজুড়ে সাদা-নীল কাপড়ের পর্দা টানিয়ে দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ দিল্লির ভাসন্ত বিহারের কুলি ক্যাম্প নামের বস্তিটির সামনের প্রধানসড়ক দিয়েই সম্মেলনস্থল ভারত মান্ডাপ্পানে যাতায়াত করছেন বিশ্বনেতারা। বিদেশি অতিথিদের যাতায়াতের পথ থেকে বস্তিটি আড়াল করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বস্তির বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক সম্মেলনকে কেন্দ্র করে তাদের ঘরবাড়ি এভাবে ঢেকে দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৩ সালে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের সময়ও এই বস্তিটি সবুজ রঙের কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এবার ব্রিকস সম্মেলন উপলক্ষেও এলাকাটি আড়াল করা হয়েছে।

বস্তিবাসীদের মতে, এই বস্তির অধিকাংশ বাসিন্দাই দিনমজুর বা ছোট ব্যবসায়ী। রাস্তাঘাট ঘিরে কাপড় ও ব্যানার দেওয়ার কারণে এবং নিরাপত্তা কড়াকড়ির ফলে তাদের স্বাভাবিক চলাচল সীমিত হয়ে পড়েছে, যা তাদের দৈনন্দিন উপার্জনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে।
এক ব্যবসায়ী অভিযোগ করেন, রাস্তা থেকে দোকানগুলো দেখা না যাওয়ায় ক্রেতার সংখ্যা কমে যায়। সাধারণ দিনে যেখানে তার কয়েক হাজার রুপি পর্যন্ত আয় হতো, পর্দা দেওয়ার পর তা উল্লেখযোগ্যভাবে কমে যায়।
কুলি ক্যাম্প বস্তির এক বাসিন্দা বলেন, ‘আমরা কি ময়লা- আবর্জনা যে, প্রতিটি আন্তর্জাতিক সম্মেলনের সময় আমাদের তাদের এভাবে লুকিয়ে ফেলা হয়?’।
শুধু দিল্লির কুলি ক্যাম্প নয়, নয়ডার একটি দরিদ্র বসতিও বড় টিনের শিট দিয়ে আড়াল করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে কাপড় ও ব্যানার দিয়ে বস্তি ঢেকে দেওয়ার এই পদক্ষেপে তীব্র সমালোচনার মুখে পড়েছে সরকার।
দিল্লিতে প্রধান বিরোধীদল আম আদমি পার্টি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে।
Covering slums with curtains won’t change the reality, just like calling 2.6% GDP Growth 7.8%. pic.twitter.com/8sP55anb4f
— AAP (@AamAadmiParty) September 11, 2026
পোস্টে বলা হয়েছে, ‘কাপড় দিয়ে বস্তি ঢেকে রাখলেই বাস্তবতাকে বদলে ফেলা যায় না, যেমনটা ২.৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধিকে ৭.৮ শতাংশ দাবি করলেই সত্য হয়ে যায় না’।
অন্যদিকে কংগ্রেস নেতা পবন খেরা বিজেপির রাজনৈতিক অবস্থানের দিকে ইঙ্গিত করে তীব্র কটাক্ষ করেছেন।
এক এক্স বার্তায় তিনি বলেন, “বিজেপির কাছে সব ‘হিজাব’ই আপত্তিকর নয়। যে হিজাব মোদির ব্যর্থতা ঢেকে রাখে, সেটি তাদের কাছে সবচেয়ে প্রিয়”।
তবে এই পদক্ষেপকে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং শহর সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করেছে বিজেপি সরকার।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু
এমএইচআর




