চীনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী ছিংদাওয়ে মেরামতের জন্য নোঙর করে রাখা একটি কার্গো জাহাজে ভয়াবহ আগুনে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন আহত এবং আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ১৫ মিনিটে চিংদাও শহরের একটি জাহাজ নির্মাণ কারখানায় রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে জাহাজটিতে আগুন লাগে। পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে জাহাজটিকে ‘ওশান মেলোডি’ হিসেবে শনাক্ত করা হয়েছে।
20 people are dead and 5 remain missing after a foreign-flagged cargo ship caught fire during repairs at Qingdao Beihai Shipbuilding in China on Sept 10. Of the 42 people aboard, 12 evacuated safely and 5 were hospitalized with injuries. All 5 are in stable condition. https://t.co/yWjNTSW59X pic.twitter.com/FNTpETFvuv
— Shanghai Daily (@shanghaidaily) September 10, 2026
মেরিনট্রাফিক নামে একটি জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এটি ১৯০ মিটার (৬২৩ ফুট) দীর্ঘ লাইবেরিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজ, যা ৩১ আগস্ট চিংদাওতে পৌঁছেছিল।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, আগুন লাগার সময় জাহাজটিতে মোট ৪২ জন ছিলেন। উদ্ধারকারী দল ১৭ জনকে নিরাপদে বের করে আনতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল। তবে জাহাজে থাকা আরও পাঁচজনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের বড় দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশও দিয়েছেন তিনি।
এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
এর প্রায় এক মাস আগে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে একটি জাহাজ কারখানায় বিস্ফোরণের ঘটনায় একজন উদ্ধারকর্মী নিহত এবং আরও ১২ জন আহত হন।
সূত্র: সিনহুয়া, বিবিসি
এমএইচআর




