সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি অস্থায়ী অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সারমাদা শহরের কাছে বুর্জ আল-নিমরা এলাকায় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কিছু স্থাপনা ও বহু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণস্থলটি ছিল একটি অস্থায়ী গুদাম। সেখানে ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্থায়ী সিরীয় বিদ্রোহ ও গৃহযুদ্ধে ব্যবহৃত পরিত্যক্ত অস্ত্র ও বিভিন্ন সামরিক সরঞ্জাম সংরক্ষণ করা হচ্ছিল। হতাহতদের মধ্যে তাদের কয়েকজন কর্মীও রয়েছেন।
তবে ঠিক কী কারণে সেখানে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বড় বিস্ফোরণের আগে একটি ছোট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই ভয়াবহ বিস্ফোরণে আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। একের পর এক ছোট বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিস্ফোরণের পর সিরিয়ার সিভিল ডিফেন্স ও সিরিয়ান রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখা হচ্ছে।
এর আগে গত ১ সেপ্টেম্বর ইদলিব প্রদেশেরই বিন্নিশ এলাকায় গোলাবারুদ বহনকারী একটি গাড়ি বিস্ফোরিত হয়ে পাঁচজন নিহত এবং আরও অনেকে আহত হন।
সূত্র: আলজাজিরা
এমএইচআর




