মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ব্রিকসে তারেক রহমানের অংশগ্রহণ, ট্রেন চলাচল শুরু বিষয়ে যা বলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম

শেয়ার করুন:

ব্রিকসে তারেক রহমানের অংশগ্রহণ, ট্রেন চলাচল শুরু বিষয়ে যা বলল ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ এবং বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধ থাকা আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর বিষয়ে ভারতের কাছে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। 

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন শুরু হতে আর চার দিন বাকি আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেবেন কি না? 

জাবাবে জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে আপনাদের জানানোর মতো আমার কাছে কোনো নতুন তথ্য নেই।’

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। আঞ্চলিক জোট বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এই সফরে যাওয়ার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। 

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য উপযুক্ত কূটনৈতিক পরিবেশ প্রয়োজন। ফলে ব্রিকস সম্মেলন সামনে রেখে তারেক রহমানের দিল্লি সফর নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

একই সাংবাদিক প্রশ্ন করেন- ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কি না?

এ প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে আমাদের হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিক, দুই দেশের অভিন্ন সম্পর্ক ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ এবং আগামী দিনগুলোতে কীভাবে এই সম্পর্ককে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করেছেন।’

ট্রেন চলাচল নিয়েও ‘আপডেট নেই’

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে প্রশ্ন করা হলেও রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়েও তার কাছে কোনো নতুন তথ্য নেই। তবে দুই দেশের রেল কর্তৃপক্ষ এ নিয়ে আলোচনা করছে। 

মূলত নয়াদিল্লি ও ঢাকার সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাংলাদেশ-ভারত আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন আবারও চালুর সম্ভাবনা নিয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের আলোচনা শুরু হয়েছে।

এনডিটিভিসহ ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মৈত্রী এক্সপ্রেস (ঢাকা-কলকাতা), বন্ধন এক্সপ্রেস (খুলনা-কলকাতা) এবং মিতালী এক্সপ্রেস (ঢাকা-নিউ জলপাইগুড়ি) পুনরায় চালুর দিনক্ষণ নির্ধারণের জন্য মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় আসছে ভারতীয় রেলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দুই দেশের প্রয়োজনীয় মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে আগামী মাস থেকেই ট্রেনগুলো চালুর সম্ভাবনা রয়েছে। 

২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার পর এসব আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে দুই দেশের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক করার উদ্যোগকে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর