পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে অবস্থিত কেপ ভার্দের ফোগো দ্বীপে বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অনেকেই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী।
দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস রোববার এ তথ্য জানিয়েছে।
ইনফোরপ্রেস জানায়, শনিবার রাতে ফোগো দ্বীপের উত্তরাঞ্চলের একটি পাহাড়ি সড়কে দুর্ঘটনাটি ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৩০ মিটার গভীর একটি খাড়া খাদে পড়ে যায়।
বাসটিতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।
দুর্ঘটনায় আহত কয়েকজনকে ফোগোর সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে।
শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ভ্রমণটির আয়োজন স্থানীয় কোনো স্কুল করেনি। এটি ছিল প্রতিবছর বাসচালকের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত একটি ভ্রমণ। দুর্ঘটনায় ওই চালকও নিহত হয়েছেন বলে জানিয়েছে ইনফোরপ্রেস।
এমআর




