ভারতের কেরালা রাজ্যের মধ্যাঞ্চলীয় ত্রিশুর জেলায় একটি লরির পেছনে গাড়ি ধাক্কা দেয়ার ঘটনায় তামিলনাড়ুর দিন্দিগুলের প্রকৌশল কলেজের ৮ শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে কাইপামঙ্গলামের পানামবিক্কুন্নু এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
গুরুবায়ুর থেকে কোডুঙ্গালুরের দিকে যাওয়ার সময় গাড়িটি মহারাষ্ট্রের নিবন্ধিত একটি লরির পেছনে গিয়ে সজোরে ধাক্কা দেয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মহাসড়ক-৬৬-এর ওই অংশে নির্মাণকাজ চলায় যানবাহনকে অন্য পথে চলার জন্য ঘুরিয়ে দেয়া হয়েছিল। লরিটি সড়কের ডান পাশে অবৈধভাবে পার্ক করে রাখা ছিল বলে জানিয়েছে পুলিশ, সেখানে ব্যারিকেডও দেওয়া ছিল।
পুলিশ জানিয়েছে, গাড়িটি দ্রুতগতিতে চলছিল। চালক সম্ভবত যানবানহ ঘুরিয়ে দেয়া ব্যারিকেডটি দেখতে পাননি। এরপর গাড়িটি লরির পেছনে গিয়ে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ছয় শিক্ষার্থী। পরে কাছের একটি হাসপাতালে নেয়ার পর আরও দুজনকে মৃত ঘোষণা করা হয়।
নিহতরা দিন্দিগুলের একটি প্রকৌশল কলেজের শিক্ষার্থী ছিলেন। তারা মহাসড়ক-৬৬ দিয়ে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিলেন। পুলিশ ছয়জনের পরিচয় শনাক্ত করেছে। বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।
উদ্ধার অভিযানে স্থানীয় বাসিন্দা, অগ্নিনির্বাপণ ও উদ্ধারকর্মী এবং পুলিশ অংশ নেয়। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে শিক্ষার্থীদের বের করে আনা হয়।
পরে তাদের মরদেহ ত্রিশুর মেডিকেল কলেজের মর্গে নেয়া হয়। কাইপামঙ্গলম পুলিশ লরিচালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা করেছে। দুর্ঘটনার পরপরই লরিচালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের মরদেহ থেকে উদ্ধার করা শিক্ষার্থীদের পরিচয়পত্রের মাধ্যমে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, কয়েকটি পরিবার জানতই না যে তাদের সন্তানরা কেরালায় গিয়েছিলেন। নিহতদের পরিবারের সদস্যরা ত্রিশুর মেডিকেল কলেজে পৌঁছানোর পর ময়নাতদন্ত শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।
-এমএমএস




